ঢাকা    সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
নগদ বার্তা
টুপটুপ রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে পুলিশের মামলা

টুপটুপ রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে পুলিশের মামলা

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় রিসোর্টের মালিক তানভীর আহমদকে প্রধান আসামি করে মামলা করেছে পুলিশ। মামলায় রিসোর্টের ম্যানেজার মোহাম্মদ সুমনকেও আসামি করা হয়েছে। শনিবার দিবাগত রাতে পুলিশ বাদী হয়ে মামলাটি করে। রোববার (১৮ অক্টোবর) সকালে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের ঘটনায় রিসোর্টের ম্যানেজার মোহাম্মদ সুমনকে শনিবার বিকেল ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরে তাঁকে থানায় নেওয়া হয়। এ মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে শনিবার সকাল সাতটার দিকে মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত টুপটুপ রিসোর্টে আগুন লাগে। এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান বলেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। তদন্তের মাধ্যমে আগুনের সূত্রপাতের কারণ জানা যাবে।

নির্ধারিত সময়ের আগেই সাজেক ছাড়লেন সব পর্যটক

রাঙ্গামাটি জেলা প্রশাসনের নির্ধারিত সময়ের এক দিন আগেই সোমবার সাজেক পর্যটনকেন্দ্র ছেড়েছেন সেখানে অবস্থানরত সব পর্যটক। দুই দফায় মোট ১ হাজার ১৪১ জন পর্যটক সাজেক ছেড়ে খাগড়াছড়িতে পৌঁছেছেন। বর্তমানে সাজেকে কোনো পর্যটক নেই। সাজেক কটেজ-রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০টার দিকে সাজেকের বিভিন্ন কটেজ ও রিসোর্টে অবস্থানরত ৮৫৮ জন পর্যটক এলাকা ছাড়েন। পরে দুপুর আড়াইটার দিকে আরও ২৮৩ জন পর্যটক সাজেক ত্যাগ করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তায় তাঁদের খাগড়াছড়িতে পৌঁছে দেওয়া হয়। সাজেক কটেজ-রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুপর্ণ দেববর্মন জানান, প্রশাসনের নির্দেশনার এক দিন আগেই সোমবার দুই দফায় সাজেকে অবস্থানরত সব পর্যটক এলাকা ছেড়েছেন। নতুন করে কোনো পর্যটককে সাজেকে প্রবেশ করতে দেওয়া হয়নি। বর্তমানে সেখানে কোনো পর্যটক নেই। তবে প্রশাসনের সাময়িকভাবে পর্যটনকেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল থাকলে শারদীয় দুর্গাপূজার দীর্ঘ সরকারি ছুটিতে আর্থিক ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা। সাজেকের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় গত রোববার সন্ধ্যা থেকে পর্যটনকেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেন রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী। একই সঙ্গে ১৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে পর্যটকদের সাজেক ছেড়ে যাওয়ার নির্দেশনা দিয়ে জরুরি গণবিজ্ঞপ্তি জারি করা হয়। এর আগে রোববার ভোর ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সাজেক সড়কে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের ডাকে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি পালিত হয়। এতে পর্যটকদের যাতায়াত বন্ধ হয়ে যায়। পরে বিকেল ৩টা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অবরোধকারীদের দীর্ঘ আলোচনার পর তাঁরা দুই দিনের জন্য কর্মসূচি স্থগিত রাখতে সম্মত হন। এরপর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপত্তার মধ্য দিয়ে খাগড়াছড়িতে ফিরিয়ে আনা শুরু হয়। সুপর্ণ দেববর্মন আরও জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৬ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটির সময়ে সাজেকের রিসোর্ট ও কটেজগুলোর সব কক্ষ আগাম বুকিং দেওয়া ছিল। কিন্তু পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করায় কটেজ ও রিসোর্টের মালিকেরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। পর্যটন ব্যবসায়ীদের ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে সাজেক পর্যটনকেন্দ্র দ্রুত পর্যটকদের জন্য উন্মুক্ত করার দাবি জানান তিনি।

নির্ধারিত সময়ের আগেই সাজেক ছাড়লেন সব পর্যটক

চকবাজারে আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ ৪ ফায়ারফাইটার

রাজধানীর পুরান ঢাকার চকবাজারের ছোট কাটারায় মনসুর খান প্লাজা মার্কেটে লাগা আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পর্যবেক্ষণে রয়েছেন ফায়ার সার্ভিসের চার সদস্য।  তারা হলেন—পলাশী ফায়ার স্টেশনের ফায়ারফাইটার মো. জিল্লুর রহমান ও লিডার মো. নজরুল ইসলাম, সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. মারুফ এবং খিলগাঁও ফায়ার স্টেশনের লিডার মো. মাহাফুজুর হক মজুমদার। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম মঙ্গলবার ভোর ৬টার দিকে ইত্তেফাক ডিজিটালকে বলেন, অগ্নিনির্বাপণের সময় ধোঁয়ার কারণে ফায়ার সার্ভিসের চার সদস্য অসুস্থ হয়ে পড়েন। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে নির্বাপণের কাজ চলছে। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া চার ফায়ার সার্ভিস কর্মী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পর্যবেক্ষণে রয়েছেন।

চকবাজারে আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ ৪ ফায়ারফাইটার

হেরেছিলেন হাসনাত আবদুল্লাহর কাছে, এবার হারালেন দলীয় পদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী ও দলটির কুমিল্লা জেলা শাখার সাবেক ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক মো. আ. জসিম উদ্দিনের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে কেন স্থায়ী শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না—তা জানতে চেয়ে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ জারি করেছে কেন্দ্রীয় কমিটি। মঙ্গলবার (৬ অক্টোবর) গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক প্রকৌশলী সৈয়দ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়। নোটিশে উল্লেখ করা হয়েছে, মো. আ. জসিম উদ্দিনের বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার সুস্পষ্ট অভিযোগ উঠেছে। এসব অভিযোগ আমলে নিয়ে দলের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নূর ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুনের যৌথ নির্দেশনায় তার প্রাথমিক সদস্যপদ স্থগিতের এ আদেশ জারি করা হয়। চিঠিতে আরও বলা হয়, নিজের বিরুদ্ধে উত্থাপিত শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে দলের কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে বা ব্যাখ্যা গ্রহণযোগ্য না হলে তার বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে। তবে নোটিশে শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট কারণ বা অভিযোগের বিস্তারিত ব্যাখ্যা প্রকাশ করা হয়নি। অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানতে জসিম উদ্দিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে বিএনপি-সমর্থিত গণঅধিকার পরিষদের ‘ট্রাক’ প্রতীকের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জসিম উদ্দিন। ওই নির্বাচনে তিনি ৪৯ হাজার ৮৮৫ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হন। আসনটিতে ১ লাখ ৬৬ হাজার ৫৮৩ ভোট পেয়ে জয়লাভ করেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনি ঐক্যের সমর্থিত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

হেরেছিলেন হাসনাত আবদুল্লাহর কাছে, এবার হারালেন দলীয় পদ

মেঘনায় মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা, ২৫ কেজি করে চাল পাবেন জেলেরা

জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় মেঘনা নদীর একটি গুরুত্বপূর্ণ অংশে ২২ দিনের জন্য সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। আগামী ৭ অক্টোবর মধ্যরাত থেকে শুরু হয়ে এই নিষেধাজ্ঞা চলবে ২৯ অক্টোবর পর্যন্ত।নিষেধাজ্ঞার আওতায় লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার নদীপথ রয়েছে। এই এলাকাকে ইলিশের অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়েছে।২২ দিন বন্ধ থাকবে মাছ ধরাসরকারি সিদ্ধান্ত অনুযায়ী, নিষেধাজ্ঞার সময়ে মেঘনার নির্ধারিত এলাকায় মাছ ধরা, ইলিশ আহরণ, পরিবহণ, বাজারজাতকরণ ও মজুত করা যাবে না। জাটকা ও মা ইলিশ সংরক্ষণের পাশাপাশি ভবিষ্যতে ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।জেলেদের সচেতন করতে নদী ও উপকূলীয় এলাকায় মাইকিং, পোস্টারিংসহ বিভিন্ন প্রচার কার্যক্রম চালানো হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।৪২ হাজার ১৫০ জেলে পাবেন খাদ্য সহায়তানিষেধাজ্ঞার সময়ে ক্ষতিগ্রস্ত জেলেদের সহায়তায় ভিজিএফের চাল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এ সময়ে ৪২ হাজার ১৫০টি জেলে পরিবারকে মোট ১৫৩ মেট্রিক টন চাল দেওয়া হবে। প্রত্যেক জেলে ২৫ কেজি করে চাল পাবেন।তবে নিবন্ধিত সব জেলে এখনো খাদ্য সহায়তার আওতায় আসেননি। জেলা মৎস্য অফিসের তথ্য অনুযায়ী, জেলায় নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় ৫৪ হাজার। এর মধ্যে ৪২ হাজার ১৫০ জনকে খাদ্য সহায়তা দেওয়া হলেও আরও ১১ হাজার ৮৫০ জন এখনো ভিজিএফের চাল পাননি। পর্যায়ক্রমে তাদের খাদ্য সহায়তা দেওয়ার কথা জানিয়েছে মৎস্য বিভাগ।সঠিক তালিকা তৈরির দাবি জেলেদেরজেলেরা বলছেন, নদীতে মাছ ধরা বন্ধ থাকায় তাদের আয় পুরোপুরি বন্ধ হয়ে যাবে। কিন্তু নিবন্ধিত জেলের তুলনায় সরকারি খাদ্য সহায়তার আওতায় আসা জেলের সংখ্যা কম হওয়ায় অনেক পরিবার সমস্যায় পড়তে পারে।তাই নিষেধাজ্ঞার সময় দ্রুত ও সঠিকভাবে জেলেদের তালিকা তৈরি করে প্রত্যেক যোগ্য জেলের কাছে সরকারি খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার দাবি জানিয়েছেন তারা।প্রতিদিন অভিযান চালাবে প্রশাসননিষেধাজ্ঞা কার্যকর করতে মৎস্য বিভাগ, উপজেলা ও জেলা প্রশাসন, পুলিশ এবং কোস্টগার্ডের সমন্বয়ে প্রতিদিন নদীতে অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন।তিনি জানান, নিষেধাজ্ঞার সময়ে জেলেদের ২৫ কেজি করে খাদ্য সহায়তা দেওয়া হবে। এরপরও কেউ আইন অমান্য করে নদীতে মাছ ধরতে গেলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।মৎস্য বিভাগের আশা, নিষেধাজ্ঞা যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে ইলিশের উৎপাদন আরও বাড়বে এবং ভবিষ্যতে জেলেরা এর সুফল পাবেন।

মেঘনায় মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা, ২৫ কেজি করে চাল পাবেন জেলেরা

সকালে আমগাছে মিলল বৃদ্ধের নিথর দেহ

জামালপুরের ইসলামপুর উপজেলায় একটি আমগাছ থেকে ঝুলন্ত অবস্থায় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার পাথর্শী ইউনিয়নের লাউদত্ত গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম হযরত আলী (৬০)।স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকালে গ্রামের কয়েকজন বাসিন্দা বাড়ির পাশের একটি আমগাছে ওই বৃদ্ধকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার গলায় রশি বাঁধা ছিল বলে জানা গেছে। বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করেন।খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে। পুলিশ জানিয়েছে, এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনার ফল—সেটি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অনেকেই জানিয়েছেন, হযরত আলী দীর্ঘদিন ধরে ওই গ্রামে বসবাস করছিলেন। তবে কী কারণে তার এমন পরিণতি হলো, সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

সকালে আমগাছে মিলল বৃদ্ধের নিথর দেহ
Radio Logo
নগদ বার্তা Live
Live Audio Stream