ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
নগদ বার্তা
১৪ বছরের কম বয়সীদের স্যোশাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করলো ফ্লোরিডা

১৪ বছরের কম বয়সীদের স্যোশাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করলো ফ্লোরিডা

ইনস্টাগ্রাম, টিকটক বা স্ন্যাপচ্যাটের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে ১৪ বছরের কম বয়সী শিশুদের প্রবেশ নিষিদ্ধ করা রাজ্য আইন কার্যকর করার অনুমতি ফ্লোরিডাকে দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আপিল আদালত। আইনটি মার্কিন সংবিধানের বাক্স্বাধীনতার সুরক্ষা লঙ্ঘন করে বলে প্রযুক্তি শিল্প সংগঠনগুলোর দাবি খারিজ করেছেন আদালত। বুধবার এ রায় প্রদান করা হয়। আটলান্টাভিত্তিক ১১তম যুক্তরাষ্ট্র সার্কিট আদালতের তিন বিচারকের প্যানেল সর্বসম্মত রায়ে নিম্ন আদালতের প্রাথমিক নিষেধাজ্ঞা বাতিল করেছে। এই নিষেধাজ্ঞায় এইচ.বি. ৩ নামে পরিচিত আইনটি আটকে ছিল। আদালত বলেছে, আইনটি সামাজিক যোগাযোগমাধ্যম সাইটে থাকা বিষয়বস্তু নিয়ন্ত্রণ করে না, তাই এটি প্রথম সংশোধনী লঙ্ঘন করে না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিয়োগ দেওয়া সার্কিট বিচারক কেভিন নিউজম রায়ে লেখেন, এইচবি৩ প্ল্যাটফর্মগুলোর ওপর প্রযোজ্য হয়, সেখানে আলোচিত বিষয় বা প্রকাশিত ধারণা ও বার্তা বিবেচনায় না নিয়েই। ইনস্টাগ্রামের মতোই ট্রুথ সোশ্যালও এইচবি৩-এর আওতায় পড়ার সম্ভাবনা রাখে। আইনটির পক্ষে লড়া ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল জেমস উথমায়ারের প্রতিনিধিরা মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক সাড়া দেননি। আইনটিতে ভিডিও অটোপ্লে ও ইনফিনিট স্ক্রলের মতো তথাকথিত আসক্তি সৃষ্টিকারী ফিচার থাকা সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মকে ১৪ বছরের কম বয়সী শিশুদের অ্যাকাউন্ট খুলতে দেওয়া নিষিদ্ধ করা হয়েছে। মেটা প্ল্যাটফর্মস, টিকটক ও স্ন্যাপকে সদস্য হিসেবে পাওয়া প্রযুক্তি শিল্প সংগঠন নেটচয়েস এবং কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশনস ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন ২০২৪ সালে আইনটি আটকাতে মামলা করেছিল। বুধবারের রায়ের পর এক বিবৃতিতে নেটচয়েস লিটিগেশন সেন্টারের পরিচালক পল বলেন, ফ্লোরিডাবাসীর অনলাইনে মতপ্রকাশের অধিকার সুরক্ষিত রাখতে এবং পরিবারের সিদ্ধান্তে অভিভাবকেরা যেন নিয়ন্ত্রণে থাকেন তা নিশ্চিত করতে লড়াই চালিয়ে যেতে তারা সব বিকল্প বিবেচনা করছেন।

কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে জার্মানিতে রোবট জব্দ, আটক ২

জার্মানিতে এক কিশোরীকে যৌন হয়রানিতে রোবট ব্যবহারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় লাল ও সোনালি রঙের একটি রোবট জব্দ করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৬ বছর বয়সী এক কিশোর ও ১৯ বছর বয়সী এক তরুণকে আটক করেছে পুলিশ। দেশটির কোলন শহরে এ ঘটনা ঘটেছে। শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ফাস্ট ফুডের দোকানের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। অভিযোগে বলা হয়, রোবটটি ১৬ বছর বয়সী ওই কিশোরীর শরীরে হাত রাখে এবং তাঁর শরীরের সঙ্গে ধাক্কা দিয়ে যৌন ইঙ্গিতপূর্ণ নড়াচড়া করে। এ সময় কিশোরী চিৎকার করে সরে যান। নর্থ রাইন-ওয়েস্টফালিয়া রাজ্য পুলিশ জানিয়েছে, আটক দুজন ওই সময় ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করছিলেন এবং এ নিয়ে মন্তব্য করছিলেন বলে ধারণা করা হচ্ছে। তারা ওই রোবটটি পরিচালিত করছিল বলেও অভিযোগে উঠে এসেছে। পুলিশের ফেসবুক পোস্টের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শনিবার মধ্যরাতের কিছু আগে এই ঘটনা ঘটে। কিশোরীটি তার বন্ধুদের সঙ্গে ছিল। তার পেছন দিক থেকে এগিয়ে আসে ১২০ সেন্টিমিটার (৩ দশমিক ৯ ফুট) লম্বা রোবটটি। এরপর তার কোমড়ের নিচের অংশে হাত রাখে। খবর পেয়ে জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে যান। এর কিছুক্ষণ পর কাছের একটি সড়কের এক ব্লক দূরে ওই কিশোর ও ১৯ বছর বয়সী ব্যক্তিকে পাওয়া যায়। পুলিশ জানায়, কিশোরটি রোবটটি একটি গাড়ির পেছনে রেখেছিল। সেখান থেকেই সেটি উদ্ধার করা হয়। পুলিশের প্রকাশ করা একটি ছবিতে রোবটটিকে কালো গোঁফ, সোনালি রঙের চেইন ও সাদা গেঞ্জি পরা অবস্থায় দেখা যায়। রোবটটির পাশাপাশি অভিযুক্ত দুজনের দুটি মুঠোফোনও জব্দ করেছে পুলিশ। ঘটনার সময় কেউ ইচ্ছাকৃতভাবে রোবটটির নড়াচড়া নিয়ন্ত্রণ করছিলেন কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পরে ফেসবুকে দেওয়া আরেকটি পোস্টে পুলিশ এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে করা কিছু মন্তব্যের বিষয়ে সতর্ক করে। পুলিশ জানায়, কিছু মন্তব্য ‘সীমা লঙ্ঘনের শামিল হতে পারে এবং সবচেয়ে খারাপ ক্ষেত্রে তা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হতে পারে।’

কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে জার্মানিতে রোবট জব্দ, আটক ২

যে কারণে এআইকে অন্ধভাবে বিশ্বাস করতে নিষেধ করলেন মাক্রোসফটের সিইও

মাক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা কৃত্রিম বুদ্ধিমত্তাকে বা এআই অন্ধভাবে বিশ্বাস না করার আহ্বান জানিয়েছেন প্রতিষ্ঠানগুলোর প্রতি। তিনি সতর্ক করেছেন, সংবেদনশীল ব্যবস্থায় প্রবেশাধিকার পেলে উন্নত এআই মডেল গুরুতর ভুল করতে পারে কিংবা ক্ষতিগ্রস্ত হতে পারে। শনিবার এক্সে দীর্ঘ এক পোস্টে নাদেলা যুক্তি দেন, মডেলগুলো কেন একটি নির্দিষ্টভাবে আচরণ করে, তা ব্যবসা প্রতিষ্ঠানগুলো সব সময় ব্যাখ্যা করতে পারে না। তাই স্বাধীন সুরক্ষাব্যবস্থা অপরিহার্য। নাদেলা লেখেন, অনির্ধারিত মডেলগুলোকে ঘিরে শক্তিশালী ও নির্ধারিত সিস্টেম ডিজাইন, মানুষের নিয়ন্ত্রণ এবং নির্ভরযোগ্য কার্যপ্রণালি রাখতে হবে। যেখানে বিদ্যমান মান অপর্যাপ্ত, সেখানে শিল্পখাতের মান প্রতিষ্ঠা করতে হবে। তিনি আরও লেখেন, অত্যাধুনিক ক্লোজড ও ওপেন-ওয়েট মডেলকে ভেতরের ঝুঁকির মতো গণ্য করা এমন ব্যবস্থা গড়ার একটি উপায়। নাদেলা জোর দিয়ে বলেন, এআই ব্যবস্থা যে ক্ষতিকর, তা নয়। তবে গুরুত্বপূর্ণ ব্যবস্থায় প্রবেশাধিকার দিলে এদের ক্রমবর্ধমান সক্ষমতা ঝুঁকি তৈরি করতে পারে। তিনি বলেন, এর অর্থ হলো মডেলকে আলাদা রাখা, যে কাঠামো এর কাজ সমন্বয় করে তার থেকে এবং যে কর্মক্ষেত্র নির্ধারণ করে এটি কী করতে পারবে, তা থেকেও। এর অর্থ নিয়ন্ত্রণ ও সুরক্ষাব্যবস্থাকে বাইরে রাখাও। নিরাপদ এআই প্রয়োগের জন্য সাতটি নীতির প্রস্তাব দিয়েছেন নাদেলা। এর মধ্যে রয়েছে মডেলের আচরণ পর্যবেক্ষণ, স্বাধীন নিরীক্ষা, নিরন্তর পরীক্ষা এবং মানুষের হস্তক্ষেপ। তিনি লেখেন, একে ইমার্জেন্সি ব্রেকের মতো ভাবুন। কোনও অনুমোদিত ব্যক্তি যেন কাজ চলাকালেই মডেল থামাতে বা বন্ধ করে দিতে পারেন। নাদেলা প্রতিষ্ঠানগুলোকে এআই-সংক্রান্ত ব্যর্থতা ও নিরাপত্তা লঙ্ঘনের কথা ক্ষতিগ্রস্তদের দ্রুত জানানোর আহ্বানও জানান। এতে ক্ষতিগ্রস্ত পক্ষ বুঝতে পারবে কী ভুল হয়েছিল এবং একই ধরনের ঘটনা কীভাবে ঠেকানো যায়।  বক্সের প্রধান নির্বাহী অ্যারন লেভি নাদেলার অবস্থানকে সমর্থন করে বলেন, এআইয়ের জন্য জিরো ট্রাস্টের যুগ দরকার হবে। লেভি বলেন, এ সবকিছুর পরিণতিতে বিভিন্ন স্তরের সুরক্ষা এবং এজেন্টরা কী করছে, কোন তথ্য নিয়ে কাজ করতে পারবে এবং কিছু ভুল হলে কী নিয়ন্ত্রণ থাকবে, তার নিরীক্ষাযোগ্যতা প্রয়োজন। এখন পুরো এন্টারপ্রাইজজুড়ে এমন ব্যবস্থা যারা গড়ছেন, তাদের জন্য বিশাল সুযোগ রয়েছে। এআই নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ ক্রমেই স্বয়ংক্রিয় হয়ে ওঠা এআই ব্যবস্থার নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগের মধ্যে নাদেলার এ মন্তব্য এলো। বিজনেস ইনসাইডারের প্রতিবেদন অনুযায়ী, ওপেনএআই ও অ্যানথ্রপিকের তৈরি এআই মডেলকে ঘিরে সাম্প্রতিক কিছু ঘটনা প্রশ্ন তুলেছে, প্রতিষ্ঠানগুলো এদের আচরণ যথেষ্ট নিয়ন্ত্রণ করতে পারছে কিনা। এর মধ্যে মার্কিন সিনেটর জশ হলি ও ক্রিস মার্ফি ১ অক্টোবর দ্বিদলীয় একটি আইনের ঘোষণা দিয়েছেন। এর লক্ষ্য হ্যাকিংয়ের ঘটনায় এআই ডেভেলপার ও পরিচালনাকারীদের জবাবদিহির আওতায় আনা। সূত্র: হিন্দুস্তান টাইমস  

যে কারণে এআইকে অন্ধভাবে বিশ্বাস করতে নিষেধ করলেন মাক্রোসফটের সিইও

এআই দিয়ে গান বানিয়ে বট দিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান স্ট্রিমিংয়ের মাধ্যমে ৮০ লাখ ডলারের বেশি রয়্যালটি হাতিয়ে নেওয়ার দায়ে যুক্তরাষ্ট্রে এক ব্যক্তিকে ১৮ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সংগীত স্ট্রিমিং জালিয়াতির ঘটনায় এটি দেশটির প্রথম কোনো ফৌজদারি দণ্ডের ঘটনা বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম বিলবোর্ড। বুধবার (৭ অক্টোবর) স্কাই নিউজ জানায়, নর্থ ক্যারোলিনার ৫৪ বছর বয়সী মাইকেল স্মিথ নিউইয়র্কের একটি ফেডারেল আদালতে প্রতারণার অভিযোগে দোষ স্বীকার করেন। আদালত তাঁকে কারাদণ্ড দেওয়ার পাশাপাশি অবৈধভাবে অর্জিত প্রায় ৮০ লাখ ডলার বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন। মামলার নথি অনুযায়ী—স্মিথ এআই ব্যবহার করে বিপুলসংখ্যক গান তৈরি করে স্পটিফাই, অ্যাপল মিউজিকসহ বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে আপলোড করেন। এরপর বট ব্যবহার করে তাঁর গানগুলো কোটি কোটি বার স্বয়ংক্রিয়ভাবে স্ট্রিম করানো হয়। এর মাধ্যমে প্রকৃত শ্রোতা ছাড়াই তিনি বিপুল পরিমাণ রয়্যালটি আয় করেন। সাধারণত একজন শিল্পী একটি গান স্ট্রিম হলে প্রায় ০.০০৩ থেকে ০.০০৫ ডলার পর্যন্ত আয় করতে পারেন। স্মিথের আইনজীবীরা আদালতে যুক্তি দিয়েছিলেন, তাঁর কর্মকাণ্ডে কোনো নির্দিষ্ট ব্যক্তি বাস্তবিকভাবে বড় ধরনের ক্ষতির শিকার হননি। তবে সরকারি কৌঁসুলিরা বলেন, স্মিথ প্রযুক্তিকে কাজে লাগিয়ে পুরো রয়্যালটি ব্যবস্থাকেই প্রতারণার মাধ্যমে শোষণ করেছেন। প্রসিকিউটর জেমি ম্যাকডোনাল্ড বলেন, ভোক্তাদের পরিবর্তে স্বয়ংক্রিয় বট এবং সৃজনশীলতার পরিবর্তে ভুয়া গান ব্যবহার করে স্মিথ প্রকৃত শিল্পী ও তাঁদের ভক্তদের প্রাপ্য রয়্যালটির কোটি কোটি ডলার হাতিয়ে নিয়েছেন। ২০২৪ সালে স্মিথের বিরুদ্ধে স্পটিফাই, অ্যাপল মিউজিকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে বট দিয়ে গান স্ট্রিম করানোর অভিযোগে তিনটি ধারায় মামলা হয়। তিনি শেষ পর্যন্ত ওয়্যার ফ্রড ষড়যন্ত্রের একটি অভিযোগে দোষ স্বীকার করেন। সংগীতশিল্পে স্ট্রিমিং জালিয়াতি দীর্ঘদিনের সমস্যা হলেও এআইয়ের ব্যবহার এ সংকটকে আরও জটিল করে তুলেছে। ফরাসি স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডিজার জানিয়েছে, চলতি বছরে প্রতিদিন গড়ে প্রায় ৯০ হাজার এআই-নির্মিত গান তাদের প্ল্যাটফর্মে আপলোড হচ্ছে। মিউজিক শিল্পের সংগঠন রেকর্ডিং ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন অব আমেরিকা বলেছে, স্ট্রিমিং জালিয়াতি শিল্পীদের ক্ষতিগ্রস্ত করে এবং ভক্তদেরও বিভ্রান্ত করে। শিল্পসংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, এ ধরনের জালিয়াতির কারণে বিশ্বব্যাপী সংগীতশিল্পে বছরে ২২০ কোটি ডলার পর্যন্ত ক্ষতি হতে পারে।

এআই দিয়ে গান বানিয়ে বট দিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি
Radio Logo
নগদ বার্তা Live
Live Audio Stream