ঢাকা    সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
নগদ বার্তা
মালয়েশিয়ার বিশ্ব হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের ইহতেশামুল হক

মালয়েশিয়ার বিশ্ব হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের ইহতেশামুল হক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা–২০২৬-এ প্রথম স্থান অর্জন করেছে ঢাকার মিরপুর-১-এ অবস্থিত মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর কৃতী শিক্ষার্থী হাফেজ ইহতেশামুল হক হিরা। বিশ্বের শতাধিক দেশের প্রতিযোগীর মধ্য থেকে কয়েক ধাপে বাছাই শেষে চূড়ান্ত পর্বে ৩৮টি দেশের প্রতিযোগীর অংশগ্রহণে হিফজুল কুরআন বিভাগে প্রথম স্থান অর্জন করে বিশ্বদরবারে লাল-সবুজের পতাকা সমুন্নত করেছেন ইহতিশামুল হক। ৬–১০ অক্টোবর অনুষ্ঠিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শনিবার এক বর্ণাঢ্য সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেশটির বিভিন্ন পর্যায়ের রাষ্ট্রীয় দায়িত্বশীল ও বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিতে ধর্মবিষয়ক মন্ত্রী ড. জুলকিফলি হাসান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। প্রথম স্থান অর্জনের স্বীকৃতিস্বরূপ হিরা পুরস্কার হিসেবে পেয়েছে ৪০ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত নগদ অর্থ, সম্মাননা ট্রফি, ৫ হাজার রিঙ্গিত মূল্যের ওমরাহ অথবা মুসলিম পর্যটন প্যাকেজ এবং ৩ হাজার রিঙ্গিত মূল্যের স্বর্ণের বার। ইতিপূর্বেও এ প্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থী হাফেজ সালেহ আহমদ তাকরিম, মুয়াজ মাহমুদ, আনাস মাহফুজ, সা'দ নুরসহ অনেকে বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনসহ গৌরবোজ্জ্বল সাফল্যের স্বাক্ষর রেখেছেন। মারকাযের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও গুলশান সোসাইটি জামে মসজিদের খতিব মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম দেশবাসীর কাছে দোয়া কামনা করে বলেছেন—মহান আল্লাহ তাআলা যেন হীরাসহ আমাদের প্রতিটি শিক্ষার্থীকে যোগ্য আলেম, আদর্শ মানুষ ও দ্বীনের একনিষ্ঠ দায়ী হিসেবে কবুল করেন।

Radio Logo
নগদ বার্তা Live
Live Audio Stream