মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাবুপুর গ্রামের একটি আমবাগান থেকে রজনী খাতুন (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রজনী খাতুন মুজিবনগর থানার রশিকপুর গ্রামের রইদুল শেখের মেয়ে। পূলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে কয়েকজন ব্যক্তি হাঁটতে বের হয়। তারা এসময় বাবুপুর মাঠের একটি ব্রিজের পাশের আমবাগানে রজনী খাতুনের মরদেহ ঝুলতে দেখেন। তারা মুজিবনগর থানায় খবর দেন। খবর পেয়ে মুজিবনগর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মগে পাঠিয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বিডি প্রতিদিন/এএম
সাতক্ষীরা শহরে দোকানদারের সঙ্গে কয়েকজন তরুণের মারামারি থামাতে গিয়ে ছুরিকাহত হয়ে এক তরুণ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে শহরের প্রাণিসম্পদ হাসপাতাল মোড়ে একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। নিহত জাকারিয়া খান (১৯) সাতক্ষীরা সদরের বেকারি ব্যবসায়ী আবদুল গফুরের ছেলে। তিনি সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহর মামাতো ভাই। পুলিশ ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাতে জাকারিয়া তাঁর মামার দোকানে গিয়েছিলেন। দোকান বন্ধ হওয়ার পর মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে প্রাণিসম্পদ হাসপাতাল মোড়ে একটি জটলা দেখতে পান। সেখানে কয়েকজন তরুণকে এক দোকানদারের সঙ্গে মারামারি করতে দেখে জাকারিয়া তাঁদের থামাতে যান। এ সময় তাঁকে ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় জাকারিয়াকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তাঁর মৃত্যু হয়। এ বিষয়ে সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ বলেন, ‘একজন মানুষ অন্যায় থামাতে গিয়ে যদি জীবন হারায়, তাহলে ভবিষ্যতে কেউ অন্যায় দেখেও এগিয়ে আসতে ভয় পাবে। শহরটা দিন দিন অনিরাপদ হয়ে যাচ্ছে। আমরা চাই, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।’ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানান সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. শহীদুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। দ্রুত সময়ের মধ্যে তাঁদের আইনের আওতায় আনা হবে। ময়নাতদন্তের জন্য জাকারিয়ার মরদেহ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।