ঢাকা    সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
নগদ বার্তা
চিৎকার শুনে ছোট ভাইকে বাঁচাতে গিয়ে মারধরে প্রাণ গেল বড় ভাইয়ের

চিৎকার শুনে ছোট ভাইকে বাঁচাতে গিয়ে মারধরে প্রাণ গেল বড় ভাইয়ের

বগুড়ার শেরপুরে ছোট ভাইকে বাঁচাতে গিয়ে মারধরে মো. সিরাজ (৬৪) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয় লোকজন দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শেরপুর উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের নাকুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সিরাজের ছেলে জহুরুল ইসলাম (৪৩) বাদী হয়ে আজ শুক্রবার শেরপুর থানায় হত্যা মামলা করেছেন। মামলায় আটক কাওসার আলী (২৬) ও তাঁর বাবা তোজাম সরকারকে (৫৫) আসামি করা হয়েছে। তাঁদের বাড়ি পাশের ধুনট উপজেলার গোয়ালভাগ গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তোজাম সরকারের কাছ থেকে সিরাজের ছোট ভাই ছানোয়ার হোসেন (৫০) সুদে টাকা নিয়েছিলেন। সময়মতো সেই টাকা পরিশোধ করতে না পারায় গতকাল রাত সাড়ে ৯টার দিকে ছানোয়ারকে তাঁর ঘর থেকে বের করে বাড়ির আঙিনায় মারধর করতে থাকেন তোজাম ও তাঁর ছেলে কাওসার। এ সময় ছানোয়ারের চিৎকার শুনে বড় ভাই সিরাজ এগিয়ে আসেন। তখন তাঁকেও এলোপাতাড়ি মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে গুরুতর আহত সিরাজ বাড়ির আঙিনায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়। মারধরে ছানোয়ারও আহত হন এবং তাঁকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) হায়দার আলী বলেন, খবর পেয়ে পুলিশ গতকাল দিবাগত রাত দুইটার দিকে সিরাজের লাশ উদ্ধার করে। তাঁর বুকের ডান পাশে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য আজ সকালে লাশটি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে এবং আটক দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: মামলা হলেও গ্রেপ্তার হননি ওয়ার্ড বয়, তদন্ত কমিটিও হয়নি

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা এক নারীকে শ্লীলতাহানির অভিযোগে করা মামলায় এখনো গ্রেপ্তার হননি অভিযুক্ত ওয়ার্ড বয় করিম সরকার (২৯)। এদিকে ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ কোনো তদন্ত কমিটিও গঠন করেনি। তবে বিষয়টি জেলা সিভিল সার্জনকে জানানো হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, মামলা হওয়ার পরও অভিযুক্তকে গ্রেপ্তার না করা এবং হাসপাতাল কর্তৃপক্ষের তদন্ত কমিটি গঠন না করা দায়িত্ব পালনে গড়িমসির শামিল। তাঁদের আশঙ্কা, অদৃশ্য কোনো প্রভাবের কারণে অভিযুক্তকে গ্রেপ্তারে বিলম্ব হচ্ছে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন। ভুক্তভোগী নারীর বড় ভাই বলেন, ‘আমার বোন চিকিৎসা নিতে গিয়ে যে ঘটনার শিকার হয়েছে, তা খুবই বেদনাদায়ক। ঘটনার দিন ১০ অক্টোবর শনিবারই থানায় মামলা করেছি। কিন্তু এখনো পুলিশ আসামিকে গ্রেপ্তার করেনি। কেন গ্রেপ্তার করা হচ্ছে না, তা আমরা বুঝতে পারছি না। এর পেছনে কোনো অদৃশ্য শক্তি কাজ করছে কি না, সেই প্রশ্নও আমাদের মনে এসেছে।’ তিনি আরও বলেন, ‘আমার বোন গতকাল সোমবার আদালতে জবানবন্দি দিয়েছে। আমরা ন্যায়বিচার চাই। অভিযুক্তের শাস্তি দাবি করছি, যাতে ভবিষ্যতে আর কোনো নারী চিকিৎসা নিতে এসে এমন ঘটনার শিকার না হন।’ কামারখন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. লুৎফর রহমান বলেন, ‘বিষয়টি জানার পর আমরা জেলা সিভিল সার্জন স্যারকে জানিয়েছি। অভিযুক্তকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার চিঠিও দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।’ জেলা সিভিল সার্জন নুরুল আমীন আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে মামলা হয়েছে। এটি এখন আদালতের বিষয়।’ কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাশমত আলী বলেন, ‘মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ ১০ অক্টোবর শনিবার ভোরে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নারী ওয়ার্ডে জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে আসা ২১ বছর বয়সী এক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে ওয়ার্ড বয় করিম সরকারের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়। অভিযুক্ত করিম সরকার কামারখন্দ উপজেলার কর্ণসূতি গ্রামের আব্দুল কাদের সরকারের ছেলে। তিনি আউটসোর্সিংয়ের মাধ্যমে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ার্ড বয় হিসেবে কর্মরত ছিলেন।

কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: মামলা হলেও গ্রেপ্তার হননি ওয়ার্ড বয়, তদন্ত কমিটিও হয়নি

শাসন করায় রাস্তায় গাছের ডাল দিয়ে শিক্ষককে পেটাল সপ্তম শ্রেণির ছাত্র

স্কুলে শাসন করায় ছুটির পর রাস্তায় শরীরচর্চা শিক্ষককে গাছের ডাল দিয়ে পিটিয়ে আহত করেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী। এতে শিক্ষকের থুতনিতে আটটি সেলাই দিতে হয়েছে। এ ঘটনায় ওই শিক্ষার্থীকে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সামনে এ ঘটনা ঘটে। আহত শিক্ষকের নাম রায়হান ইসলাম। তিনি বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের শরীরচর্চা শিক্ষক। অভিযুক্ত শিক্ষার্থী একই শিক্ষাপ্রতিষ্ঠানের সপ্তম শ্রেণির ছাত্র। আজ মঙ্গলবার বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। বিকেল সাড়ে ৪টার দিকে স্কুল ছুটির পর মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন শিক্ষক রায়হান ইসলাম। পথে এপিবিএনের সামনে গাছের ডাল হাতে দাঁড়িয়ে ছিল ওই শিক্ষার্থী। শিক্ষক ওই স্থানে পৌঁছালে থামতে বলে। শিক্ষক থামার সঙ্গে সঙ্গে কিছু বুঝে ওঠার আগেই গাছের ডাল দিয়ে তাঁর মুখ ও ঘাড়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান জানান, শিক্ষার্থীর আঘাতে শিক্ষক রায়হান ইসলামের থুতনিতে আটটি সেলাই দিতে হয়েছে। এ ছাড়া তাঁর ঘাড়েও গুরুতর আঘাত লেগেছে। প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি বাড়িতে অবস্থান করছেন। অধ্যক্ষ আরও জানান, অভিযুক্ত শিক্ষার্থীকে আজ সকালে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

শাসন করায় রাস্তায় গাছের ডাল দিয়ে শিক্ষককে পেটাল সপ্তম শ্রেণির ছাত্র

ফেসবুকে পরিচয়ের পর মুঠোফোনে বিয়ে, পরে প্রবাসী জানলেন তাঁর ‘স্ত্রী’ এক তরুণ

প্রায় ছয় মাস আগের কথা। ইতালি প্রবাসী খোরশেদ আলীর (৪৮) সঙ্গে ফেসবুকে পরিচয় হয় সুমাইয়া নামের এক নারীর। মেসেঞ্জারে কথোপকথনের পর তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। একপর্যায়ে মুঠোফোনেই বিয়ের কাজ সারেন। এরপর ভিডিও কলে চেহারা দেখতে চাইলেও নানান অজুহাতে নিজেকে আড়ালে রেখেছিলেন সুমাইয়া। গতকাল বুধবার দুপুরে সুমাইয়াকে ভিডিও কল দিলে সেটি ধরেন নাটোরের লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। ওসি খোরশেদকে জানান, নারী ভেবে যাঁকে তিনি বিয়ে করেছেন, তিনি আসলে নারী নন। তিনি শান্ত আলী নামের এক তরুণ। মেয়েলি কণ্ঠে কথা বলে তিনি এত দিন খোরশেদ আলীকে ঠকিয়ে টাকা নিয়েছেন। খোরশেদের দাবি, বিয়ের পর গত কয়েক মাসে ভরণপোষণসহ নানান কাজে তাঁর কাছ থেকে তিন লাখের বেশি টাকা নেন ওই তরুণ। ভিডিও কলে চেহারা দেখতে চাইলে মুঠোফোনের সামনের ক্যামেরা অকেজো থাকার কথা জানাতেন কথিত সুমাইয়া। এ ছাড়া বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন অজুহাতেও নিজেকে আড়ালে রেখেছিলেন। পুলিশের ভাষ্য, প্রতারণার অভিযোগে গতকাল সকালে লালপুরের গন্ডবিল গ্রামের নিজ বাড়ি থেকে শান্ত আলী ও তাঁর বাবা শহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তাঁদের আটকের পরই কথিত সুমাইয়ার পরিচয় প্রকাশ পায়। পুলিশ ভিডিও কলে প্রথমবারের মতো কথিত স্ত্রী সুমাইয়া আক্তার নামধারী শান্ত আলীকে দেখালে খোরশেদ আলী বলেন, ‘পৃথিবীতে এমন ধরনের প্রতারক থাকতে পারে, তা আমি কখনোই ভাবিনি। ওর সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত।’ পুলিশ জানায়, ২০ বছর বয়সী শান্ত আলী লেখাপড়া জানেন না। তবে প্রযুক্তির ব্যবহারে দক্ষ। মুঠোফোনে বিশেষ অ্যাপ ব্যবহার করে তিনি নারী কণ্ঠে কথা বলতে এবং খুদে বার্তা আদান-প্রদান করতে পারেন। শুধু তা-ই নয়, মুঠোফোনে বিয়ের পর কথিত সুমাইয়ার (শান্ত আলী) বাবা শহিদুল ইসলামের সঙ্গে বহুবার শ্বশুর হিসেবে কথা বলেছেন খোরশেদ আলী। তাঁর কথাবার্তায়ও শান্ত আলীর প্রতারণার বিষয়টি ধরা পড়েনি। পুলিশের ভাষ্য, শহিদুল ইসলাম বিষয়টি জেনেও ছেলেকে প্রতারণার কাজে সহায়তা করেছেন। গতকাল সকালে শান্ত ও শহিদুলকে গ্রেপ্তারের সময় প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মুঠোফোন জব্দ করা হয়। এসব মুঠোফোনে খোরশেদ আলীর সঙ্গে খুদে বার্তা বিনিময়ের বহু প্রমাণ পাওয়া গেছে। খোরশেদ আলীর বরাত দিয়ে ওসি শফিকুল ইসলাম বলেন, শান্ত আলী প্রথমে একজন নারীর ছবি দিয়ে একটি ফেসবুক অ্যাকাউন্ট খোলেন। পরে ওই প্রবাসীর সঙ্গে মেসেঞ্জারে পরিচিত হন এবং কথাবার্তা শুরু করেন। ফেসবুকে ব্যবহৃত ওই নারীর তিনটি ছবিও তিনি খোরশেদ আলীকে পাঠান। ওসি বলেন, বাড়ির পাশের জমি কেনার কথা বলে একদিনে প্রায় দুই লাখ টাকা নিয়েছেন শান্ত আলী। এ ছাড়া দুর্ঘটনার শিকার হওয়ার কথা বলেও টাকা নিয়েছেন। এভাবে মোট তিন লাখের বেশি টাকা নেওয়া হয়েছে। এ ঘটনায় শান্ত আলী ও শহিদুল ইসলামের বিরুদ্ধে থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে। গতকাল সন্ধ্যায় তাঁদের আদালতে পাঠানো হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

ফেসবুকে পরিচয়ের পর মুঠোফোনে বিয়ে, পরে প্রবাসী জানলেন তাঁর ‘স্ত্রী’ এক তরুণ

আজ রাতেই আসছে রূপপুরের পারমাণবিকের জ্বালানি

রাশিয়া থেকে বিশেষ কার্গো বিমানে আজ শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি। আগামীকাল শনিবার যেকোনো সময় কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে বিশেষ ব্যবস্থায় জ্বালানি রূপপুরে নেওয়া হবে। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম আজ সন্ধ্যায় গণমাধ্যমকে জ্বালানি পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন। প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান তিনি। সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার এই পারমাণবিক জ্বালানি দেশে আসার কথা থাকলেও এক দিন পিছিয়ে আজ দুপুরে পৌঁছানোর সময় নির্ধারণ করা হয়। পরে সময় আরও পরিবর্তন করে রাত সাড়ে ১১টার দিকে পৌঁছানোর কথা জানানো হয়। বর্তমানে জ্বালানি পরিবহনে আর কোনো জটিলতা নেই। সংশ্লিষ্ট একাধিক সূত্রের তথ্য অনুযায়ী, রূপপুরের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি এবং প্রথম ইউনিটের রিফুয়েলিংয়ের জন্য দুটি—মোট নয়টি কার্গোতে পারমাণবিক জ্বালানি দেশে আনা হবে। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রসাটম জানিয়েছে, ডিসেম্বরের মধ্যেই পুরো জ্বালানি সরবরাহ সম্পন্ন হবে। রূপপুরের প্রথম ইউনিটে ইতিমধ্যে জ্বালানি লোড করা হয়েছে। প্রায় দেড় বছর পর ওই ইউনিটের ব্যবহৃত জ্বালানির এক-চতুর্থাংশ পরিবর্তন করতে হয়। প্রয়োজনীয় জ্বালানি আগাম আনা হচ্ছে এ কারণে। চুক্তি অনুযায়ী, প্রথম তিন বছর রাশিয়া জ্বালানি সরবরাহ করবে। এরপর নির্ধারিত সময় পরপর জ্বালানি পরিবর্তনের জন্য বাংলাদেশকে তা আমদানি করতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্র জানায়, অত্যন্ত স্পর্শকাতর এই পারমাণবিক জ্বালানি বিশেষ কার্গো বিমানে কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে দেশে আনা হচ্ছে। রাশিয়া ও বাংলাদেশ গতকাল বৃহস্পতিবার জ্বালানি পরিবহনের সব প্রস্তুতি সম্পন্ন করলেও বিশেষ কারণে তা এক দিন পিছিয়ে যায়। সূত্রের তথ্য অনুযায়ী, কার্গো বিমানটি কাজাখস্তান, আফগানিস্তান, পাকিস্তান ও ভারত হয়ে বাংলাদেশে আসার পরিকল্পনা রয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের মোট উৎপাদন সক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট। প্রথম ইউনিটে জ্বালানি লোডিং সম্পন্ন হলেও বিভিন্ন জটিলতায় বিদ্যুৎ উৎপাদনের সময়সূচি পিছিয়েছে। চলতি মাসে উৎপাদনে যাওয়ার কথা থাকলেও সেফটি ভালভে ত্রুটি দেখা দেওয়ায় তা সম্ভব হয়নি। এনপিসিবিএলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গত বুধবার সেফটি ভালভের মেরামতকাজ সফলভাবে সম্পন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। বিদ্যুৎ উৎপাদন শুরু করতে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা সম্পন্ন করতে হবে। পরীক্ষাগুলো সফল হলে প্রথম ইউনিটে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। দ্বিতীয় ইউনিটের নির্মাণ ও কমিশনিং কার্যক্রমও এগিয়ে চলছে।

আজ রাতেই আসছে রূপপুরের পারমাণবিকের জ্বালানি
Radio Logo
নগদ বার্তা Live
Live Audio Stream