চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রশাসন। এ ঘটনায় আব্দুল করিম (৩৫) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানার পাশাপাশি মাটিভর্তি একটি ট্রাক জব্দ করা হয়েছে। জব্দ করা মাটি একটি সরকারি প্রতিষ্ঠানে দেওয়া হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে রাত ২টা পর্যন্ত পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ। এ সময় উপজেলার পাইন্দং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ফকিরাচান এলাকা থেকে মাটিভর্তি ট্রাকটি জব্দ করা হয়। জরিমানাপ্রাপ্ত আব্দুল করিম ফটিকছড়ি উত্তর ভূজপুরের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত লাল মিয়ার ছেলে। অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ ঘটনায় একটি মামলাও করা হয়েছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।