সাবেক স্বামীর ছবি ও ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইল, স্কুলশিক্ষিকা গ্রেপ্তার
বরিশালে সাবেক স্বামীর ব্যক্তিগত ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে করা সাইবার মামলায় এক স্কুলশিক্ষিকাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বরিশাল নগরীর দুর্গাবাড়ির পোল এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তার ওই শিক্ষিকার নাম রওনক বিনতে নূর রিপা (৩৫)। তিনি ঝালকাঠির নলছিটি উপজেলার কান্ডপাশা গ্রামের নুরুল ইসলাম তালুকদারের মেয়ে। তিনি নলছিটির অনুরাগ দড়িরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার উপপরিদর্শক (এসআই) নিবাস চন্দ্র মিস্ত্রি জানান, সাবেক স্বামীর করা সাইবার আইনের মামলায় শনিবার সকালে নগরীর দুর্গাবাড়ির পোল এলাকার ভাড়া বাসা থেকে রওনক বিনতে নূর রিপাকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
আদালতের বেঞ্চ সহকারী মো. হারুন জানান, সাইবার আইনের মামলার আসামি হিসেবে মহানগর হাকিম আদালতের বিচারক জান্নাতুল মিম তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
মামলার বাদী ও শিক্ষিকার সাবেক স্বামী মিজানুর রহমানের অভিযোগ, বিচ্ছেদের পরও তাঁর সাবেক স্ত্রী ব্যক্তিগত ছবি, ভিডিও ও অন্যান্য ব্যক্তিগত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে তাঁকে বিব্রত ও হয়রানি করেন। এ ছাড়া নগ্ন ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে কাবিননামায় উল্লেখিত অর্থের চেয়ে বেশি টাকা আদায় করে নেওয়ার অভিযোগও করেন তিনি।
মিজানুর রহমান আরও অভিযোগ করেন, বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ-মীমাংসা হলেও তাঁর সাবেক স্ত্রী আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তাঁর স্বজনদের কাছে পাঠিয়ে তাঁকে মানসিকভাবে হেনস্তা করেন।
এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ৩১ আগস্ট সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন তিনি। ট্রাইব্যুনালের নির্দেশে বন্দর থানা মামলাটি নথিভুক্ত করে তদন্ত করছে।
বিডি-প্রতিদিন/এমএল