ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
নগদ বার্তা
দেয়ালে আঁকা হলো বেগম রোকেয়া ও দুই কবিকে, বাদ পড়লেন সঞ্জীব চৌধুরী

দেয়ালে আঁকা হলো বেগম রোকেয়া ও দুই কবিকে, বাদ পড়লেন সঞ্জীব চৌধুরী

রাজধানীর সেগুনবাগিচায় দখলমুক্ত করা ফুটপাতের পাশের দেয়ালে এবার নতুন করে যুক্ত হয়েছে নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেন, পল্লিকবি জসীমউদ্‌দীন ও কবি জীবনানন্দ দাশের প্রতিকৃতি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে ফুটপাতটির সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে এই তিন গুণী ব্যক্তির ছবি আঁকা হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমি-সংলগ্ন এই ফুটপাতের দেয়ালে এর আগে শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামসহ শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ১০ গুণী ব্যক্তির প্রতিকৃতি আঁকা হয়। তবে তালিকা থেকে সাংবাদিক ও গায়ক সঞ্জীব চৌধুরীর ছবি বাদ পড়েছে। নতুন তিন প্রতিকৃতি নিয়ে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মাহবুবুর রহমান তালুকদার বলেন, ‘ফুটপাত দখলমুক্ত করে সৌন্দর্যবর্ধনের পরিকল্পনার অংশ হিসেবেই গুণী এই তিন ব্যক্তির প্রতিকৃতি আঁকা হয়েছে। আরও গুণী মানুষের প্রতিকৃতি যুক্ত হবে। আমরা ওই এলাকার আরও কিছু দেয়াল চূড়ান্ত করেছি, সেগুলোতে দ্রুত কাজ শুরু হবে।’ সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি মুছে সেখানে অন্য প্রতিকৃতি আঁকার বিষয়ে তিনি বলেন, ‘এখানে যারা আছেন, তাদের সঙ্গে সঞ্জীব চৌধুরীর সময়ের একটা বিশাল ফারাক আছে। অনেকে এখানে বলেছেন কেন আইয়ুব বাচ্চু নেই, কেন আজম খান নেই। তরুণদের নিয়েও আমাদের ভাবনা আছে। তাদের প্রতিকৃতিগুলো আমরা বিশ্ববিদ্যালয় এলাকায় করার পরিকল্পনা রয়েছে।’ এদিকে সেগুনবাগিচার ওই এলাকায় প্রতিকৃতির সঙ্গে ফুটপাতটি সংস্কারের পাশাপাশি পথচারীদের চলাচলের সুবিধার জন্য বসানো হয়েছে ডাস্টবিন ও বেঞ্চ। সংস্কার করা হয়েছে সীমানাপ্রাচীরও। আগে ফুটপাতটির একাংশ দখলে ছিল। সেটি দখলমুক্ত করার পর সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নেয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

Radio Logo
নগদ বার্তা Live
Live Audio Stream