ঢাকা    সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
নগদ বার্তা
খাইবার পাখতুনখোয়ায় ইমরানের দলের শতাধিক নেতাকর্মী আটক

খাইবার পাখতুনখোয়ায় ইমরানের দলের শতাধিক নেতাকর্মী আটক

পাকিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় শতাধিক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তারা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইয়ের নেতাকর্মী। পুলিশের কয়েকজন কর্মকর্তা সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন। প্রদেশটিতে রোববার জরুরি অবস্থা জারির পর থেকে এসব নেতাকর্মীকে আটক করা হয়। নাম প্রকাশ না করার শর্তে দুই কর্মকর্তা বলেন, পিটিআইয়ের অন্তত ২৭৮ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। পিটিআই-শাসিত এই প্রদেশে ইমরানের মুক্তি দাবিতে গত কয়েকদিন ধরে সরকারবিরোধী বিক্ষোভ চলে। এর জেরে রোববার জরুরি অবস্থা জারি করা হয়। আফগানিস্তান সীমান্তবর্তী অঞ্চলটিতে সম্প্রতি সহিংসতার ঘটনাও বেড়েছে। জরুরি অবস্থা জারির কয়েক ঘণ্টা পর প্রাদেশিক সরকারের প্রধান সোহেল আফ্রিদিকে গ্রেপ্তার করে পুলিশ। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, আফ্রিদিকে শুরুতে সরকারি বাসভবনে হেফাজতে রাখা হয়েছিল। পরে অন্য একটি স্থানে সরিয়ে নেওয়া হয়। ওই কর্মকর্তা নতুন স্থানটির নাম প্রকাশে রাজি হননি। খাইবার পাখতুনখোয়া মূলত ইমরান খানের দলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, সেখানকার নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত প্রাদেশিক সরকার অকার্যকর থাকবে। ইসলামাবাদের অভিযোগ, প্রাদেশিক সরকার জঙ্গি মোকাবিলায় ব্যর্থ হয়েছে। এটি জরুরি অবস্থা জারির কারণ। অন্যদিকে, সাংবিধানিক পদক্ষেপটির তীব্র বিরোধিতা করেছে পিটিআই। তাদের দাবি, এর মাধ্যমে কেন্দ্রীয় সরকার ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করছে। ২০২৩ সালের আগস্ট মাস থেকে কারাবন্দি আছেন ইমরান খান। তাঁর বিরুদ্ধে দুর্নীতি থেকে শুরু করে সহিংসতায় উসকানির বেশ কয়েকটি অভিযোগ আছে। তবে ইমরান ও তাঁর আইনজীবীরা এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তাঁদের দাবি, মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

পিটিআইয়ের লংমার্চ ঘিরে রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি জেলায় ৩০ দিনের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। গতকাল শনিবার রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার নাদিম নাসির সেখানকার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তার কথা উল্লেখ করে এ ঘোষণা দেন। আগামী ৮ নভেম্বর পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে। ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা অনুযায়ী, কোনো স্থানে পাঁচজনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ। পাশাপাশি প্রকাশ্যে অস্ত্র, হাতে তৈরি বিস্ফোরক, পেরেকযুক্ত বস্তু, ভারী লাঠি, গুলতি, বল–বিয়ারিং, পেট্রলবোমা কিংবা শারীরিক ক্ষতি করতে পারে—এমন কোনো সরঞ্জাম বহন বা প্রদর্শন নিষিদ্ধ। এ ছাড়া ড্রোন ব্যবহার এবং সমাবেশ ও যান চলাচল নিয়ন্ত্রণে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টাও নিষিদ্ধ করা হয়েছে। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ইসলামাবাদমুখী লংমার্চের মধ্যেই রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি করা হলো; যদিও দলটির লংমার্চ এখনো খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বাইরে আসতে পারেনি। খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী গতকালও বলেছেন, তাঁর নেতৃত্বে লংমার্চ ইসলামাবাদের দিকে অগ্রসর হবে। এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল জেলা গোয়েন্দা কমিটির (ডিআইসি) এক বৈঠকে ডেপুটি কমিশনারকে জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা, সড়ক ও অন্যান্য অবকাঠামোর ওপর ‘আসন্ন হুমকি’ সম্পর্কে সতর্ক করা হয়। এসব হুমকি মানুষের জীবন, সরকারি-বেসরকারি সম্পদ এবং জেলার সার্বিক শান্তি–শৃঙ্খলার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে বলে জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিপুল জনসমাগম, বিক্ষোভ ও বিশৃঙ্খল জমায়েতের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো হতে পারে। এ লক্ষ্যে কিছু ব্যক্তি ও গোষ্ঠী লোকজনকে সংগঠিত করছেন। এ বিষয়ে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা কমিটি। পাকিস্তানের আরও কয়েকটি এলাকায় ইতিমধ্যে ১৪৪ ধারা জারি রয়েছে। গত ১৮ সেপ্টেম্বর জারি করা এক প্রজ্ঞাপনে দেশটির রাজধানী ইসলামাবাদে দুই মাসের জন্য এ ধারা কার্যকর করা হয়। একইভাবে লাহোরেও ১৫ অক্টোবর পর্যন্ত ১৪৪ ধারা কার্যকর রয়েছে। সেখানে জনশান্তি, স্থিতিশীলতা এবং মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তার জন্য গুরুতর হুমকির কথা উল্লেখ করে এ ধারা কার্যকর করা হয়।

পিটিআইয়ের লংমার্চ ঘিরে রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি
Radio Logo
নগদ বার্তা Live
Live Audio Stream