মমেক হাসপাতালে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুর উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন ৫১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৭ জন। বর্তমানে হাসপাতালের ডেঙ্গু ও ডেডিকেটেড ওয়ার্ডগুলোতে মোট ১২৭ জন রোগী চিকিৎসাধীন। শুক্রবার দুপুরে মমেক হাসপাতাল সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা যায়, চিকিৎসাধীন ১২৭ জন রোগীর মধ্যে ৮৮ জন পুরুষ, ২৮ জন নারী এবং ১১ জন শিশু। ডেঙ্গু পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় পুরুষ ও নারী রোগীদের মধ্যে দুজনকে আইসিইউতে রাখা হয়েছে। ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়ার হার বাড়ায় চিকিৎসকদের ওপর চাপ তৈরি হচ্ছে।
চলতি বছর এখন পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৩ হাজার ৫১২ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৩৫৬ জন। চিকিৎসাধীন অবস্থায় মোট ২৯ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন—ময়মনসিংহের নান্দাইল উপজেলার মিনহাজ (১৮), ফুলবাড়িয়া উপজেলার হারিছা বেগম (৬৫) এবং টাঙ্গাইলের ধনবাড়ী এলাকার মরিয়ম (৪৫)।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মিনহাজ ডেঙ্গুজনিত গুরুতর জটিলতায় মারা গেছেন। হারিছা বেগমের মৃত্যুর প্রধান কারণ ডেঙ্গু ও অতিরিক্ত রক্তক্ষরণ। অন্যদিকে মরিয়ম ডেঙ্গুর পাশাপাশি ইস্কেমিক স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান।
এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, ডেঙ্গু আক্রান্ত রোগীদের শরীরে জটিলতা দেখা দিলে দ্রুত শারীরিক অবস্থার অবনতি ঘটে। তাই জ্বর বা অন্য কোনো উপসর্গ দেখা দিলে সময়ক্ষেপণ না করে নিকটস্থ হাসপাতালে বা চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। পাশাপাশি মশার বংশবিস্তার রোধে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি।