ঢাকা    রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
নগদ বার্তা
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর

দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর

মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা সংঘাত এবং চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মূল্যস্ফীতির তথ্য প্রকাশের আগে বিশ্ববাজারে ১৮ মাসের মধ্যে সর্বোচ্চ দরের কাছাকাছি অবস্থান করছে মার্কিন ডলার। একই সঙ্গে জ্বালানি তেলের বাজারেও অস্থিরতা তৈরি হয়েছে। ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিরা সৌদি আরবে হামলা জোরদার করার পর তেলের বাজারে অস্থিরতা দেখা দেয়। বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দর ব্যারেলপ্রতি ০.৫ শতাংশ কমে ১০৪ ডলারে নেমে এসেছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউক্রেন-রাশিয়া ‘জ্বালানি যুদ্ধবিরতি’র ঘোষণার কারণে দাম কিছুটা কমলেও যুদ্ধ শুরুর আগের তুলনায় তা এখনো প্রায় ৪৫ শতাংশ বেশি রয়েছে। ছয়টি প্রধান মুদ্রার বিপরীতে ডলারের সূচক সামান্য কমে ১০২.১৬ পয়েন্টে দাঁড়ালেও এটি গত সপ্তাহে অর্জিত দেড় বছরের শীর্ষ অবস্থানের কাছাকাছিই রয়েছে। যুক্তরাষ্ট্রের বাজার নিয়ামক সংস্থার তথ্য অনুসারে, ৭ অক্টোবর শেষ হওয়া সপ্তাহে ডলারের ওপর বিনিয়োগকারীদের ইতিবাচক বাজি বেড়ে দাঁড়ায় প্রায় ৩ হাজার ৬০০ কোটি ডলারে, যা তিন সপ্তাহ আগেও ছিল ৮৪০ কোটি ডলার। এমইউএফজি-এর কারেন্সি স্ট্র্যাটেজিস্ট লি হার্ডম্যান বলেন, বিদেশি নেতিবাচক পরিস্থিতির কারণে সম্প্রতি মার্কিন ডলার শক্তিশালী হয়েছে, যা এর আবেদন বাড়িয়েছে। আগামী বুধবার যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যস্ফীতির প্রতিবেদন প্রকাশ পাওয়ার কথা রয়েছে। এই প্রতিবেদন চলতি মাসে ফেডারেল রিজার্ভের নীতি নির্ধারণী বৈঠকের সিদ্ধান্ত ও সুদের হারের গতিপথ নির্ধারণে বড় ভূমিকা রাখবে। গত মাসে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ২০২৩ সালের পর প্রথমবারের মতো সুদের হার বাড়ায় ফেড। এ বিষয়ে পেপারস্টোনের গবেষণা প্রধান ক্রিস ওয়েস্টন বলেন, অক্টোবরে ফেডের সুদের হার বাড়ানোর সম্ভাবনা কম। তবে মূল্যস্ফীতির তথ্য বেশি এলে প্রশ্ন উঠবে তারা আবার জানুয়ারিতে সুদের হার বাড়াবে কি না। অন্যদিকে ইউরো স্থিতিশীল হয়ে ১.১২ ডলারে লেনদেন হলেও ফ্রান্সের রাজনৈতিক অনিশ্চয়তা ও আর্থিক পরিস্থিতির কারণে এটি টানা পঞ্চম সপ্তাহে লোকসানের মুখে পড়েছে। এ বিষয়ে ওসিবিসি ব্যাংকের ফরেক্স কৌশলবিদরা জানান, ঋণের চড়া মূল্য ফরাসি সরকারের ওপর বৃহত্তর রাজকোষীয় শৃঙ্খলা আরোপের জন্য যথেষ্ট হবে কি না, তা এখনই বলা কঠিন। জাপানে ছুটির কারণে ডলারের বিপরীতে ইয়েনের দর ১৫৮.৪১ ইয়েনে স্থির থাকলেও পাউন্ডের দর ০.১ শতাংশ বেড়ে ১.৩২৪৪ ডলার হয়েছে। পাশাপাশি ভারতীয় রুপি ডলারের বিপরীতে ১.১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯৫.৭ রুপিতে পৌঁছেছে।

এআই দিয়ে গান বানিয়ে বট দিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান স্ট্রিমিংয়ের মাধ্যমে ৮০ লাখ ডলারের বেশি রয়্যালটি হাতিয়ে নেওয়ার দায়ে যুক্তরাষ্ট্রে এক ব্যক্তিকে ১৮ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সংগীত স্ট্রিমিং জালিয়াতির ঘটনায় এটি দেশটির প্রথম কোনো ফৌজদারি দণ্ডের ঘটনা বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম বিলবোর্ড। বুধবার (৭ অক্টোবর) স্কাই নিউজ জানায়, নর্থ ক্যারোলিনার ৫৪ বছর বয়সী মাইকেল স্মিথ নিউইয়র্কের একটি ফেডারেল আদালতে প্রতারণার অভিযোগে দোষ স্বীকার করেন। আদালত তাঁকে কারাদণ্ড দেওয়ার পাশাপাশি অবৈধভাবে অর্জিত প্রায় ৮০ লাখ ডলার বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন। মামলার নথি অনুযায়ী—স্মিথ এআই ব্যবহার করে বিপুলসংখ্যক গান তৈরি করে স্পটিফাই, অ্যাপল মিউজিকসহ বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে আপলোড করেন। এরপর বট ব্যবহার করে তাঁর গানগুলো কোটি কোটি বার স্বয়ংক্রিয়ভাবে স্ট্রিম করানো হয়। এর মাধ্যমে প্রকৃত শ্রোতা ছাড়াই তিনি বিপুল পরিমাণ রয়্যালটি আয় করেন। সাধারণত একজন শিল্পী একটি গান স্ট্রিম হলে প্রায় ০.০০৩ থেকে ০.০০৫ ডলার পর্যন্ত আয় করতে পারেন। স্মিথের আইনজীবীরা আদালতে যুক্তি দিয়েছিলেন, তাঁর কর্মকাণ্ডে কোনো নির্দিষ্ট ব্যক্তি বাস্তবিকভাবে বড় ধরনের ক্ষতির শিকার হননি। তবে সরকারি কৌঁসুলিরা বলেন, স্মিথ প্রযুক্তিকে কাজে লাগিয়ে পুরো রয়্যালটি ব্যবস্থাকেই প্রতারণার মাধ্যমে শোষণ করেছেন। প্রসিকিউটর জেমি ম্যাকডোনাল্ড বলেন, ভোক্তাদের পরিবর্তে স্বয়ংক্রিয় বট এবং সৃজনশীলতার পরিবর্তে ভুয়া গান ব্যবহার করে স্মিথ প্রকৃত শিল্পী ও তাঁদের ভক্তদের প্রাপ্য রয়্যালটির কোটি কোটি ডলার হাতিয়ে নিয়েছেন। ২০২৪ সালে স্মিথের বিরুদ্ধে স্পটিফাই, অ্যাপল মিউজিকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে বট দিয়ে গান স্ট্রিম করানোর অভিযোগে তিনটি ধারায় মামলা হয়। তিনি শেষ পর্যন্ত ওয়্যার ফ্রড ষড়যন্ত্রের একটি অভিযোগে দোষ স্বীকার করেন। সংগীতশিল্পে স্ট্রিমিং জালিয়াতি দীর্ঘদিনের সমস্যা হলেও এআইয়ের ব্যবহার এ সংকটকে আরও জটিল করে তুলেছে। ফরাসি স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডিজার জানিয়েছে, চলতি বছরে প্রতিদিন গড়ে প্রায় ৯০ হাজার এআই-নির্মিত গান তাদের প্ল্যাটফর্মে আপলোড হচ্ছে। মিউজিক শিল্পের সংগঠন রেকর্ডিং ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন অব আমেরিকা বলেছে, স্ট্রিমিং জালিয়াতি শিল্পীদের ক্ষতিগ্রস্ত করে এবং ভক্তদেরও বিভ্রান্ত করে। শিল্পসংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, এ ধরনের জালিয়াতির কারণে বিশ্বব্যাপী সংগীতশিল্পে বছরে ২২০ কোটি ডলার পর্যন্ত ক্ষতি হতে পারে।

এআই দিয়ে গান বানিয়ে বট দিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি
Radio Logo
নগদ বার্তা Live
Live Audio Stream