ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
নগদ বার্তা
২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’

২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’

‘এটা আমাদেরই গল্প’–এর সাফল্যের পর মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন ধারাবাহিক। ‘ফিরে আসার গল্প’। সম্পর্কের গল্প নিয়ে তৈরি ধারাবাহিকটি গতকাল চ্যানেল আই ও সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রচার শুরু হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টায় মুক্তি পেয়েছে প্রথম পর্ব। মুক্তির ২৩ ঘণ্টায় নাটকটির ভিউ ৪৭ লাখের বেশি! ইউটিউবে মন্তব্যের ঘরে অনেকেই প্রশংসা করেছেন নাটকটির। মামুন নামের এক দর্শক লিখেছেন, ‘“এটা আমাদেরই গল্প” নাটকের ভক্তরা কে কে “ফিরে আসার গল্প” নাটকের অপেক্ষায় ছিলেন।’ বাপ্পা নামে আরেকজন লিখেছেন, ‘অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো...আমরা খুব আনন্দিত। যারা এই নাটকের অভিনেতা যুক্ত আছে, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।’ ‘এটা আমাদেরই গল্প’-এ খায়রুল বাসার, ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, দীপা খন্দকার, নাদের চৌধুরী, মনিরা মিঠুসহ কয়েকজন অভিনয়শিল্পী আলোচনায় ছিলেন। নতুন ধারাবাহিকটিতে তাঁদের সবাইকে দেখা যাচ্ছে না। তবে দীপা খন্দকার, খায়রুল বাসার, মনিরা মিঠুসহ বেশ কয়েকজন আছেন। ধারাবাহিকটি দিয়ে সুমাইয়া শিমুর অভিনয়ে নিয়মিত হওয়ার কথা ছিল। এক দিন শুটিং করেছিলেন। কিন্তু চোখে ভাইরাস সংক্রমণের কারণে শেষ পর্যন্ত আর কাজটি করতে পারেননি। তাঁর পরিবর্তে গল্পে যুক্ত হন দীপা খন্দকার আর দীপার চরিত্রে রোজী সিদ্দিকী। তবে ‘ফিরে আসার গল্প’ নাটকের সবচেয়ে বড় চমক জাহিদ হাসান ও শহীদুজ্জামান সেলিম। সঙ্গে আছেন তরুণ প্রজন্মের তানজিম সাইয়ারা তটিনী ও খায়রুল বাসার। আরও অভিনয় করছেন এজাজুল ইসলাম, ফয়জুল ইয়ামিন, মুকিত জাকারিয়া প্রমুখ। স্যাটেলাইট টেলিভিশনের যুগ শুরুর আগেই এক ঘণ্টার নাটকে একসঙ্গে অভিনয় করেছিলেন শহীদুজ্জামান সেলিম ও জাহিদ হাসান। পরে এটিএন বাংলার ‘লাল নীল বেগুনি’ ধারাবাহিকে প্রথমবার একসঙ্গে কাজ করেন। সেই নাটকের পরিচালক ছিলেন জাহিদ হাসান। এরপর ২০১৩ সালে এসএ টিভির ‘সাঙরিলা’ ধারাবাহিকে অভিনয় করেন দুজন। সেটির পরিচালক ছিলেন শহীদুজ্জামান সেলিম। এরপর দীর্ঘ বিরতি। প্রায় ১৩ বছর পর আবার একই নাটকে অভিনয় করছেন নব্বই দশকের জনপ্রিয় এই দুই তারকা। এই পুনর্মিলন উপভোগ করছেন তাঁরাও। প্রথম লটে ‘ফিরে আসার গল্প’ ধারাবাহিকের ১০ পর্বের শুটিং হয়েছে। চলতি সপ্তাহে ঢাকার উত্তরায় শুরু হয়েছে দ্বিতীয় লটের শুটিং। এই লটে ১০ অক্টোবর পর্যন্ত ১৮ পর্বের শুটিং শেষ হবে। মোট ৫২ পর্বে শেষ হবে ‘ফিরে আসার গল্প’। প্রতি বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে এর নতুন নতুন পর্ব।

Radio Logo
নগদ বার্তা Live
Live Audio Stream