ব্যাট হাতে ঝড় তুললেন বীরেন্দ্র শেবাগের ছেলে
দেশের হয়ে তিনটি ফরম্যাটে খেলেছেন, নেতৃত্ব দিয়েছেন। ভয়ডরহীন ক্রিকেট খেলে অনেক রেকর্ড নিজের করে নিয়েছেন ভারতের কিংবদন্তি ওপেনার বীরেন্দ্র শেবাগ। এবার তার ছেলে আর্যবীর শেবাগ ভারতের অনূর্ধ্ব-১৯ পর্যায়ের ‘ভিনু মানকড় ট্রফি’-তে ১৭৩ রানের এক দুর্দান্ত ইনিংস খেলে বিশেষজ্ঞ ও ভক্তদের নজর কেড়েছেন।
চণ্ডীগড় অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে দিল্লি অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলতে নেমে ইনিংসের সূচনা করেন আর্যবীর। তিনি ১৪৩ বলে ১৭৩ রান করেন, যার মধ্যে ছিল ১৯টি চার ও আটটি ছক্কা। সম্প্রতি ভারত অনূর্ধ্ব-১৯ দলের হয়ে অভিষেকের সময়ও আর্যবীর ইতিবাচক ছাপ ফেলেছিলেন। ভবিষ্যতে তিনি ভারতের অন্যতম একজন তারকা হয়ে উঠতে পারেন।
চলমান ভিনু মানকড় ট্রফিতে দিল্লি অনূর্ধ্ব-১৯ দল ‘গ্রুপ ই’-এর একেবারে তলানিতে থাকলেও, ১৮ বছর বয়সী আর্যবীর দলের জন্য উজ্জ্বল ব্যতিক্রম হিসেবে নিজেকে তুলে ধরেছেন। এর আগে ভারত অনূর্ধ্ব-১৯ দলের হয়ে একটি তিন ম্যাচের যুব ওয়ানডে সিরিজে অভিষেক হয় আর্যবীরের। সেখানে তিনি তিন ম্যাচে মোট ১০৯ রান করেন, যার মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ছিল ৪৭ রান।
ভারতের সর্বকালের অন্যতম সেরা ওপেনার বীরেন্দ্র শেবাগের ছেলে হওয়ার কারণে স্বাভাবিকভাবেই তার ওপর বাড়তি নজর থাকে। তবে আর্যবীর একাধিকবার প্রমাণ করেছেন, কেন তাকে অত্যন্ত সম্ভাবনাময় প্রতিভা হিসেবে গণ্য করা হয়। এর আগে বীরেন্দ্র শেবাগ জানিয়েছিলেন, তিনি তার ছেলেকে একটি অত্যন্ত মূল্যবান পরামর্শ দিয়েছিলেন।
শেবাগ বলেছিলেন, আমি আর্যবীর শেবাগকে নিয়ে খুবই গর্বিত। আমি ওকে পরামর্শ দিয়েছিলাম, চাপ তো থাকবেই, কিন্তু মাঠে গিয়ে মুক্ত মনে খেলো। নিজের স্বাভাবিক খেলাটা খেলো, বড় রান করার চিন্তা করো না। তুমি যদি নিজের স্বাভাবিক খেলা খেলতে পারো, তবে বড় রান এমনিতেই আসবে। কিন্তু যদি বড় রানের কথা ভেবে চাপে পড়ো, তবে আমার মনে হয় না বড় রান আসবে।
ভিনু মানকড় ট্রফিতে আলো ছড়ানো কিংবদন্তি ক্রিকেটারদের সন্তানদের মধ্যে আর্যবীরই একমাত্র নন। রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয় দ্রাবিড় কর্ণাটক অনূর্ধ্ব-১৯ দলের হয়ে দারুণ ফর্মে রয়েছেন; তিনি বিধ্বংসী একটি সেঞ্চুরির পাশাপাশি ৪১ বলে ৮৫ রানের একটি ইনিংসও খেলেছেন।