ঢাকা    রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
নগদ বার্তা
হাসপাতাল থেকে সার্কিট হাউসে ফিরেই সিন্ডিকেট সভা ডাকলেন চুয়েট উপাচার্য

হাসপাতাল থেকে সার্কিট হাউসে ফিরেই সিন্ডিকেট সভা ডাকলেন চুয়েট উপাচার্য

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা শেষে আবারও সার্কিট হাউসে ফিরেছেন। সেখানে ফিরেই বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা ডেকেছেন তিনি। গতকাল বৃহস্পতিবার দুপুরে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সুস্থ হয়ে সার্কিট হাউসে ফেরেন। এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে অবরুদ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপার। এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চুয়েটের সিন্ডিকেট সদস্য ও বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক মো. রাশিদুল হাসান প্রথম আলোকে বলেন, ‘উপাচার্য আজ সন্ধ্যা ৬টায় সিন্ডিকেট সভা ডেকেছেন। ভার্চ্যুয়ালি এই সভা হবে। আমি ছুটিতে আছি। যোগ দিতে পারব কি না নিশ্চিত নই।’ সিন্ডিকেটের আরেক সদস্য ইলেকট্রিক্যাল ও কম্পিউটার কৌশলের ডিন অধ্যাপক কাজী দেলোয়ার হোসাইন প্রথম আলোকে বলেন, ‘উনি মেসেজ পাঠিয়েছেন। মেসেজ পাঠিয়ে সিন্ডিকেট সভা আহ্বান করা যায় কি না বা এটা নিয়মের মধ্যে কি না—তা জানি না। সাধারণত রেজিস্ট্রারের মাধ্যমে সভার চিঠি আসে।’ সিন্ডিকেট সভার বিষয়ে জানতে চুয়েটের উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমের মুঠোফোনে একাধিকবার কল করা হয়। তবে তিনি সাড়া দেননি। মুঠোফোনে বার্তা পাঠিয়েও কোনো সাড়া মেলেনি। গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে ২২ সেপ্টেম্বর থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। ‘শাটডাউন’ কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনে তালা লাগিয়ে দেন তাঁরা। একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও কর্মবিরতি শুরু করেন। এতে ক্লাস-পরীক্ষাসহ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ হয়ে পড়ে। শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের এই আন্দোলনের মধ্যেই গত সোমবার সকাল নয়টার দিকে ক্যাম্পাসে প্রবেশ করেন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম। ছাত্রদল নেতাদের সঙ্গে নিয়ে উপাচার্য ভবনের তালা ভেঙে নিজ দপ্তরে প্রবেশ করেন তিনি। তবে বিষয়টি জানতে পেরে সকাল সাড়ে নয়টা থেকে উপাচার্য ভবনের সামনে অবস্থান নিতে শুরু করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। ওই দিন দুপুর ১২টার মধ্যে উপাচার্যকে কার্যালয় থেকে বের হয়ে যাওয়ার জন্য আলটিমেটাম দেন তাঁরা। একপর্যায়ে দুপুর ১২টার পর তাঁরা ভবনের ফটকে তালা ঝুলিয়ে দেন। উপাচার্য ভবনের বিদ্যুৎ-সংযোগও বিচ্ছিন্ন করে দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। ভবনে তালা দেওয়ায় উপাচার্যসহ ভেতরে ১১ জন আটকে পড়েন। পরদিন অসুস্থ বোধ করছেন বলে জানান উপাচার্য। তাঁকে পরীক্ষা-নিরীক্ষা করতে যান দুই চিকিৎসক। প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর তাঁদের উদ্ধার করা হয়।

বাজারে দুই মেয়েকে রেখে যান মা, পরে স্বজনদের জানান যে সঙ্গে রাখতে চান না

স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর দুই মেয়েকে নিজের কাছে রেখেছিলেন মা। পাঁচ বছর ও দেড় বছর বয়সী দুই মেয়েকে নিয়ে তিনি থাকতেন। পরে তিনি বিয়ে করেন। কুমিল্লার ব্রাহ্মণপাড়া বাজারে দুই মেয়েকে চিপস কিনে দেওয়ার কথা বলে চলে যান ওই মা। পরে ওই শিশুদের চাচি তাদের বাড়ি নিয়ে যান। গত রোববার দুপুরে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সদরে এ ঘটনা ঘটে। দুই শিশুর বাবা পেশায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক। তিনি কুমিল্লা নগরে অটোরিকশা চালান। শিশুদের মায়ের বাড়ি বরুড়া উপজেলায়। স্থানীয় লোকজনের ভাষ্য, বাজারে দুই শিশুকে ঘোরাফেরা ও কান্না করতে দেখে কয়েকজন এগিয়ে আসেন। পাঁচ বছর বয়সী শিশুটির কাছ থেকে জানতে পারেন, মা চিপস আনতে তাদের সেখানে রেখে গেছেন। পরে দুই শিশুর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। দুই শিশুর চাচি বাজারে গিয়ে তাদের দেখতে পান। তিনি শিশুদের চিনতে পেরে নিজের বাড়ি নিয়ে যান। পরে মুঠোফোনে তাদের মায়ের সঙ্গে যোগাযোগ করলে মা তাঁকে বলেন, তিনি কুমিল্লা নগরে চলে এসেছেন। সন্তানদের আর নিজের কাছে রাখতে চান না। পুলিশ জানায়, প্রায় ১২ বছর আগে শিশুদের মা–বাবার বিয়ে হয়েছিল। প্রায় পাঁচ মাস আগে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি ছড়িয়ে পড়ার পর পুলিশ বিষয়টি তদন্ত করেছে বলে জানিয়েছেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন। গতকাল সোমবার রাতে তিনি প্রথম আলোকে বলেন, বর্তমানে দুই শিশু তাদের বাবার কাছে আছে। পুলিশ এ বিষয়ে খোঁজখবর রাখছে।

বাজারে দুই মেয়েকে রেখে যান মা, পরে স্বজনদের জানান যে সঙ্গে রাখতে চান না

চাঁদপুরে জেলেদের ৫ টন চাল গোপনে বিক্রির অভিযোগ, জব্দের পর তদন্তে কমিটি

মা ইলিশ সংরক্ষণে নিষেধাজ্ঞার সময়ে জেলেদের জন্য বরাদ্দ করা প্রায় ৫ টন চাল গোপনে বিক্রির পর পরিবহনের সময় জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় ইউনিয়ন পরিষদের এক প্রশাসনিক কর্মকর্তার সম্পৃক্ততা পাওয়া গেছে। বিষয়টি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে প্রশাসন। আজ রোববার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চাঁদপুর শহরের বিপণীবাগ বাজার এলাকা থেকে চালগুলো জব্দ করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম। জানা গেছে, গত ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিনের জন্য মা ইলিশ ধরা নিষিদ্ধ করা হয়েছে। এ সময়ে সরকারের পক্ষ থেকে নিবন্ধিত জেলেদের খাদ্যসহায়তা হিসেবে চাল বরাদ্দ দেওয়া হয়। এর আওতায় চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের ৪ হাজার ৯৭০ জন জেলের জন্য চাল বরাদ্দ ছিল সোয়া ১১ মেট্রিক টন। কিন্তু নির্ধারিত সময়ে এসব চাল জেলেদের মাঝে বিতরণ করা হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান। জব্দ করা চাল পরিবহনের দায়িত্বে থাকা পিকআপচালক শাহাদাত জানান, চাঁদপুর সিএসডি গোডাউন থেকে চালগুলো কুমিল্লার লাকসামে পৌঁছে দেওয়ার জন্য ভাড়া করা হয়েছিল। তবে তাঁকে চালের কোনো মালিকের নাম জানানো হয়নি। কেবল লাকসামে পৌঁছানোর পর মালিকের পরিচয় জানানো হবে বলা হয়েছিল। পথিমধ্যে হাজীগঞ্জ এলাকায় পৌঁছানোর পর চালগুলো ফিরিয়ে নেওয়ার জন্য ফোন পান তিনি। চাল বিক্রির টোকেনে পরিমাণ ৪ হাজার ৯৩০ কেজি লেখা থাকলেও সেখানে কোনো মালিকের নাম উল্লেখ ছিল না। এদিকে, চাল বিক্রির বিষয়টি জানাজানি হওয়ার পর লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা শামীমের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। অভিযানের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চালগুলো জব্দ করা হয়। প্রাথমিক তথ্যে জানা গেছে, চালগুলো লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের জেলেদের জন্য বরাদ্দ ছিল এবং এ ঘটনায় স্থানীয় এক প্রশাসনিক কর্মকর্তার সংশ্লিষ্টতা রয়েছে। পুরো বিষয়টি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এদিকে নির্ধারিত সময়ে জেলেদের মধ্যে চাল বিতরণ না করার কারণ জানতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএমএন জামিউল হিকমার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোনে কথা না বলে মোবাইল ফোনে বার্তা পাঠিয়ে জানান, চালগুলো সুষ্ঠুভাবে বিতরণ করা হবে। তবে বিতরণে কেন বিলম্ব হলো, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি তিনি।

চাঁদপুরে জেলেদের ৫ টন চাল গোপনে বিক্রির অভিযোগ, জব্দের পর তদন্তে কমিটি

অটোরিকশার সঙ্গে কক্সবাজারমুখী বাসের সংঘর্ষ, ঘটনাস্থলেই নিহত ২

চট্টগ্রামের সাতকানিয়ায় কক্সবাজারমুখী যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যা সাতটার দিকে দিকে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের নয়াখাল পাঠানী পুলের দক্ষিণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা হয়। নিহত ব্যক্তিরা হলেন চন্দনাইশ উপজেলার বাসিন্দা মো. রিয়াদ (২০) ও বোয়ালখালী উপজেলার বাসিন্দা রিগেন চক্রবর্তী (৩৫)। দুর্ঘটনায় অটোরিকশার আরও ৪ যাত্রী আহত হয়েছেন। তবে তাঁদের পরিচয় জানা যায়নি। হাইওয়ে পুলিশ জানায়, কক্সবাজারমুখী স্বাধীন পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলার বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। জানতে চাইলে দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সাত্তার প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করেছে। পরে রাতেই সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। আবেদনের পরিপ্রেক্ষিতে নিহত দুজনের লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

অটোরিকশার সঙ্গে কক্সবাজারমুখী বাসের সংঘর্ষ, ঘটনাস্থলেই নিহত ২

নোয়াখালীর বেগমগঞ্জে অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অতিরিক্ত দামে পাইকারি এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১২ কেজি ওজনের সিলিন্ডার ২ হাজার টাকা দরে বিক্রির রশিদ পাওয়ায় দুটি প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলার চৌমুহনী চৌরাস্তা ও মীরওয়ারিশপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন। অভিযানে সহযোগিতা করে বেগমগঞ্জ মডেল থানার উপপরিদর্শক মাহফুজের নেতৃত্বে পুলিশের একটি দল। অভিযান সূত্রে জানা যায়, সারা দেশে এলপিজি গ্যাস সিলিন্ডারের বাজারে অস্থিরতার মধ্যে বেগমগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় দেখা যায়, সরকার নির্ধারিত ১২ কেজি সিলিন্ডারের খুচরা মূল্য ১ হাজার ৮৩৭ টাকা। এর বিপরীতে পাইকারি ক্রয়মূল্য ১ হাজার ৭৪২ টাকা। লোড-আনলোড, শ্রমিক, পরিবহন ও মুনাফাসহ পাইকারি বিক্রয়মূল্য ১ হাজার ৯০২ টাকা হলেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর রশিদে ২ হাজার টাকা করে মূল্য দেখানো হয়েছে। এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ও ৪০ ধারায় মূল্যতালিকা সংরক্ষণ না করা এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির অপরাধে সালমা ট্রেডার্সকে ২৫ হাজার টাকা এবং তাহির কর্পোরেশনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন জানান, ভোক্তাদের অধিকার সংরক্ষণ ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বাজারে এলপিজি গ্যাস সিলিন্ডারের কৃত্রিম সংকট সৃষ্টি এবং অতিরিক্ত দামে বিক্রির সঙ্গে জড়িত ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নোয়াখালীর বেগমগঞ্জে অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

‘পাঁচ, পাঁচ–ই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ বলা সেই বহিষ্কৃত যুব অধিকার নেতা গ্রেপ্তার, চাঁদাবাজির মামলা

‘পাঁচ, পাঁচ–ই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’—এমন কথোপকথনের অডিও ছড়িয়ে পড়ার পর লক্ষ্মীপুর জেলা যুব অধিকার পরিষদের বহিষ্কৃত সভাপতি ফারুক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাঁকে গ্রেপ্তার করে। এর এক দিনের মাথায় আজ মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি এবং ১০ কোটি টাকার মানহানির অভিযোগে মামলা হয়েছে। লক্ষ্মীপুর সদর থানায় মামলাটি করেন জেলা গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান চৌধুরী। মামলায় ফারুক হোসেনকে আসামি করা হয়েছে। এ ছাড়া আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। সোলাইমান চৌধুরী প্রথম আলোকে বলেন, ভিপি নুরুল হক নুরের নাম ভাঙিয়ে চাঁদা দাবির অভিযোগ ওঠায় তাঁর ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। ফারুক হোসেনের অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সারা দেশে এ নিয়ে আলোচনা হয়েছে। এতে ভিপি নুরের ১০ কোটি টাকার মানহানি হয়। এ কারণে ক্ষুব্ধ হয়ে তিনি মামলা করেছেন। লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ প্রথম আলোকে বলেন, গণ অধিকার পরিষদের সভাপতি ও প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুরের নাম ভাঙিয়ে টাকা চাওয়ার অভিযোগে ফারুক হোসেনের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি ডিবি পুলিশ তদন্ত করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গতকাল ছড়িয়ে পড়া ওই কথোপকথনের অডিও রেকর্ডে ফারুক হোসেনকে বিদেশ যেতে ইচ্ছুক এক ব্যক্তির কাছে পাসপোর্টের কাজ, ভিসা, পুলিশ ক্লিয়ারেন্স ও বিএমইটি কার্ড বাবদ প্রাথমিক খরচের জন্য টাকা দাবি করতে শোনা যায়। দলীয় একটি সূত্র জানায়, তিনি এসব কাজে পাঁচ লাখ টাকা দাবি করেন। অডিও ছড়িয়ে পড়ার পর গতকাল রাতে ফারুক হোসেনকে সাংগঠনিক সব দায়িত্ব থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় যুব অধিকার পরিষদ। সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নাঈম হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ফারুক হোসেনের বিরুদ্ধে দলের সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড এবং সংগঠনের নীতিবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। কেন্দ্রীয় কমিটির সভাপতি নাদিম হাসান ও সাধারণ সম্পাদক মুনতাজুল ইসলামের নির্দেশে তাঁকে সাংগঠনিক সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়। এদিকে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। ওই পোস্টে তিনি লিখেছেন, ‘আমার নাম বলে ধান্দাবাজি করে রেহাই পাওয়ার সুযোগ নেই। ইতিমধ্যে অভিযুক্তকে সংগঠন থেকে বহিষ্কারের পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণে লক্ষ্মীপুরের পুলিশ সুপারকে (এসপি) বলা হয়েছে।’ তবে ফারুক হোসেন অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, স্থানীয় একটি চক্র কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে তাঁর কণ্ঠ সম্পাদনা করে অডিওটি তৈরি করেছে। তিনি পাঁচ লাখ টাকা চাননি; পাসপোর্ট করে দেওয়ার জন্য পাঁচ হাজার টাকা চেয়েছিলেন। ওই ‘পাঁচ হাজার’ টাকার কথাই বিকৃত করে ‘পাঁচ লাখ’ বানানো হয়েছে বলে দাবি তাঁর। যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুনতাজুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, তাঁরা অডিওটি শুনেছেন এবং যাচাই করে প্রাথমিক সত্যতা পাওয়ার পর কেন্দ্রীয় পর্যায়ে আলোচনা করে ফারুক হোসেনকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‘পাঁচ, পাঁচ–ই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ বলা সেই বহিষ্কৃত যুব অধিকার নেতা গ্রেপ্তার, চাঁদাবাজির মামলা

দেবিদ্বারে শফিকুল হত‍্যায় আসামিদের বাড়ি ভাঙচুর

কুমিল্লার দেবিদ্বারে দিনমজুর শফিকুল ইসলামকে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যায় জড়িত আসামিদের বিচার দাবিতে আজ শনিবার মানববন্ধন হয়েছে। কর্মসূচি শেষে বিক্ষুব্ধ জনতা আসামিদের বাড়িঘরে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। আজ বেলা সাড়ে ১১টায় উপজেলার বারুর গ্রামের (খোদাইচর) বটতলী বাজার এলাকায় স্থানীয় বাসিন্দাদের উদ‍্যোগে মানববন্ধন হয়। পরে বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত লিমন ও নিশাদের বাড়িঘরে হামলা ও ভাঙচুর করে বলে জানা গেছে। গত বৃহস্পতিবার বারুর গ্রামের এনু মেম্বারের বাড়ির শফিকুল নিহত হন। বাঁশঝাড়ের মালিকানা নিয়ে কলহের জেরে একই বাড়ির লিমন ও নিশাদ তাঁকে খুন করেন বলে অভিযোগ। দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, দুই আসামিকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের বাড়িঘর ভাঙচুরের ঘটনায় কেউ মামলা করলে ব্যবস্থা নেওয়া হবে।

দেবিদ্বারে শফিকুল হত‍্যায় আসামিদের বাড়ি ভাঙচুর
Radio Logo
নগদ বার্তা Live
Live Audio Stream