ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
নগদ বার্তা
ওপেনএআইয়ে আড়ি পাতার অভিযোগ, গ্রেপ্তার সৌদি প্রকৌশলী

ওপেনএআইয়ে আড়ি পাতার অভিযোগ, গ্রেপ্তার সৌদি প্রকৌশলী

ওপেনএআইয়ের প্রধান কার্যালয়ে গোপনে আড়ি পাতার অভিযোগে অভিযুক্ত সৌদি নাগরিক আবদুলরহমান আলফোজান গ্রেপ্তারের আগে সৌদি আরবে যাওয়ার একমুখী টিকিট কেটেছিলেন। যুক্তরাষ্ট্রের কৌঁসুলিরা আদালতে এ তথ্য জানিয়েছেন। গতকাল বুধবার প্রকাশ করা আদালতের নথিতে বলা হয়েছে, গত সোমবার (১২ অক্টোবর) সৌদি আরবে যাওয়ার কথা ছিল আলফোজানের। তাঁর সঙ্গে স্ত্রী ও পরিবারের আরেক সদস্যেরও যাওয়ার কথা ছিল। ৩৫ বছর বয়সী আলফোজান ওপেনএআইয়ের প্রকৌশলী ছিলেন। প্রায় ১৫ মাস কাজ করার পর গত সপ্তাহে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। ওপেনএআইয়ের সান ফ্রান্সিসকোর প্রধান কার্যালয়ের একটি সম্মেলনকক্ষে গোপন শ্রবণযন্ত্র পাওয়া যায়। বিষয়টি কর্তৃপক্ষকে জানান প্রতিষ্ঠানের কর্মীরা। এরপর ৯ অক্টোবর আলফোজানকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। আলফোজানের বিরুদ্ধে গোপনে মানুষের কথোপকথন শোনার অভিযোগ আনা হয়েছে। এ কাজে তিনি ইলেকট্রনিক, যান্ত্রিক বা অন্য কোনো যন্ত্র ব্যবহার করেছেন কিংবা তা করার চেষ্টা করেছেন বলে অভিযোগে বলা হয়েছে। এ অপরাধে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড ও ২ লাখ ৫০ হাজার ডলার জরিমানার বিধান রয়েছে। ৮ অক্টোবর আলফোজানের বিরুদ্ধে করা ফৌজদারি অভিযোগটি গোপন রাখার আবেদন করেন কৌঁসুলিরা। এ সময় তাঁরা বিচারককে সৌদি আরবে যাওয়ার টিকিট কাটার বিষয়টি জানান। তাঁদের যুক্তি, আলফোজানের যুক্তরাষ্ট্র ছেড়ে পালানোর ‘সামর্থ্য আছে এবং পালানোর প্রণোদনাও তৈরি হতে পারে’। আলফোজানের আইনজীবী উইলিয়াম পারনিক বলেছেন, তাঁর মক্কেল আদালতে অভিযোগের বিরুদ্ধে লড়বেন। তাঁকে আটক রাখার সিদ্ধান্তও চ্যালেঞ্জ করবেন। পারনিক আল–জাজিরাকে বলেন, ‘সংবাদমাধ্যমে নানা বয়ান সত্ত্বেও আমরা আশা করি, যুক্তরাষ্ট্রের বিচারব্যবস্থা আমাদের মক্কেলের সঙ্গে ন্যায্য আচরণ করবে। আমাদের মক্কেল একজন সম্মানিত পেশাজীবী। এই সমাজের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে।’ পারনিক আরও বলেন, ‘আইন অনুযায়ী, আলফোজান নির্দোষ বলে বিবেচিত হবেন। ন্যায়সংগত আচরণ ও যথাযথ আইনি প্রক্রিয়া পাওয়ার অধিকারও তাঁর আছে।’ আইনজীবীর অভিযোগ, আলফোজানের জাতীয় পরিচয়কে সামনে রেখে তাঁকে অবিশ্বস্ত বা পালিয়ে যাওয়ার ঝুঁকিতে থাকা ব্যক্তি হিসেবে দেখানো হচ্ছে। এ প্রবণতা যুক্তরাষ্ট্রের ইতিহাসের ‘অন্ধকার অধ্যায়গুলোর’ কথা মনে করিয়ে দেয়। এ ধরনের ধারণার বিরুদ্ধে তাঁরা আদালতে লড়বেন। আলফোজানের গ্রেপ্তারের ঘটনা অত্যাধুনিক প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। এসব প্রতিষ্ঠান গুপ্তচরবৃত্তি ও শিল্পগুপ্তচরবৃত্তির লক্ষ্যবস্তু হতে পারে বলে আশঙ্কা রয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) এগিয়ে থাকার বৈশ্বিক প্রতিযোগিতার মধ্যে এ উদ্বেগ সামনে এসেছে। লিংকডইনে আলফোজানের নামে থাকা একটি প্রোফাইল অনুযায়ী, গত বছরের জুলাইয়ে ওপেনএআইয়ে যোগ দেওয়ার আগে তিনি মেটায় সিস্টেমস ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছেন। এর আগে মাইক্রোসফটেও ইন্টার্নশিপ করেছেন। রিয়াদভিত্তিক ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান রায়েদ ভেঞ্চারসেও আলফোজানকে ভেঞ্চার পার্টনার হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। প্রতিষ্ঠানটির অন্য অংশীদারদের মধ্যে সৌদি রাজপরিবারের সদস্য প্রিন্স খালিদ বিন বাদার আল সৌদও রয়েছেন। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে আলফোজানের নিয়োগের ঘোষণা দিয়েছিল রায়েদ ভেঞ্চারস। তখন প্রতিষ্ঠানটি তাঁকে প্রযুক্তি স্টার্টআপ খাতে বিস্তৃত অভিজ্ঞতাসম্পন্ন পেশাজীবী হিসেবে বর্ণনা করে। রায়েদ ভেঞ্চারস জানায়, সম্ভাবনাময় বিনিয়োগের সুযোগ খুঁজে বের করা হবে আলফোজানের কাজ। পাশাপাশি স্টার্টআপগুলোকে প্রবৃদ্ধির পথে এগিয়ে নিতেও সহায়তা করবেন তিনি।

বগুড়ায় শিক্ষককে পিটিয়ে আহত করা সপ্তম শ্রেণির শিক্ষার্থী গ্রেপ্তার

বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মো. আবু রায়হানকে পিটিয়ে আহত করার ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থী রিয়াদ ইসলাম কিরণকে (১৩) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে বগুড়া শহরের চারমাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রিয়াদ বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। সে বগুড়া সদর উপজেলার ঘোড়াধাপ এলাকার মো. বিপুল মিয়ার ছেলে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী জানান, শিক্ষককে মারধরের ঘটনার পর থেকেই অভিযুক্ত শিক্ষার্থী আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারমাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বিডি-প্রতিদিন/এআইএস

বগুড়ায় শিক্ষককে পিটিয়ে আহত করা সপ্তম শ্রেণির শিক্ষার্থী গ্রেপ্তার

ঝালকাঠি কারাগারে অসুস্থ, হাসপাতালে নারী হাজতির মৃত্যু

ঝালকাঠি জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাজল রেখা (৩৫) নামের এক নারী হাজতির মৃত্যু হয়েছে। তিনি মাদক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে বন্দী ছিলেন। কাজল রেখা ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের ইসলামাবাদ এলাকার আরিফ হোসেনের স্ত্রী। কারাগার সূত্রে জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর ইসলামাবাদ এলাকায় অভিযান চালিয়ে কাজল রেখাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ২০টি ইয়াবা বড়ি ও ১০৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় করা মাদক মামলায় গ্রেপ্তারের পর থেকে তিনি ঝালকাঠি জেলা কারাগারে বন্দী ছিলেন। ঝালকাঠি জেলা কারাগারের সুপার মো. বিকাশ রায়হান আজকের পত্রিকাকে বলেন, গতকাল সোমবার রাতে কারাগারে কাজল রেখা অসুস্থ বোধ করলে তাঁকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে তাঁর মৃত্যু হয়।

ঝালকাঠি কারাগারে অসুস্থ, হাসপাতালে নারী হাজতির মৃত্যু

সোনারগাঁয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক মোশাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বারদী ইউনিয়নের মসলন্দপুর এলাকা থেকে এলাকাবাসী তাঁকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এর আগে বিকেলে শিশুটির মা বাদী হয়ে এ ঘটনায় অভিযোগ করেন। আজ সোমবার দুপুরে মোশাহিদুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার মোশাহিদুল ইসলাম হবিগঞ্জের চুনারুঘাট থানার বড়াইল গ্রামের আব্দুল হকের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাতে ওই শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে মোশাহিদুল ইসলামের বিরুদ্ধে। শিশুটির পরিবারের অভিযোগের পর পুলিশ বিষয়টি তদন্ত করে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

সোনারগাঁয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

সাবেক স্বামীর ছবি ও ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইল, স্কুলশিক্ষিকা গ্রেপ্তার

বরিশালে সাবেক স্বামীর ব্যক্তিগত ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে করা সাইবার মামলায় এক স্কুলশিক্ষিকাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বরিশাল নগরীর দুর্গাবাড়ির পোল এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেপ্তার ওই শিক্ষিকার নাম রওনক বিনতে নূর রিপা (৩৫)। তিনি ঝালকাঠির নলছিটি উপজেলার কান্ডপাশা গ্রামের নুরুল ইসলাম তালুকদারের মেয়ে। তিনি নলছিটির অনুরাগ দড়িরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার উপপরিদর্শক (এসআই) নিবাস চন্দ্র মিস্ত্রি জানান, সাবেক স্বামীর করা সাইবার আইনের মামলায় শনিবার সকালে নগরীর দুর্গাবাড়ির পোল এলাকার ভাড়া বাসা থেকে রওনক বিনতে নূর রিপাকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। আদালতের বেঞ্চ সহকারী মো. হারুন জানান, সাইবার আইনের মামলার আসামি হিসেবে মহানগর হাকিম আদালতের বিচারক জান্নাতুল মিম তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মামলার বাদী ও শিক্ষিকার সাবেক স্বামী মিজানুর রহমানের অভিযোগ, বিচ্ছেদের পরও তাঁর সাবেক স্ত্রী ব্যক্তিগত ছবি, ভিডিও ও অন্যান্য ব্যক্তিগত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে তাঁকে বিব্রত ও হয়রানি করেন। এ ছাড়া নগ্ন ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে কাবিননামায় উল্লেখিত অর্থের চেয়ে বেশি টাকা আদায় করে নেওয়ার অভিযোগও করেন তিনি। মিজানুর রহমান আরও অভিযোগ করেন, বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ-মীমাংসা হলেও তাঁর সাবেক স্ত্রী আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তাঁর স্বজনদের কাছে পাঠিয়ে তাঁকে মানসিকভাবে হেনস্তা করেন। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ৩১ আগস্ট সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন তিনি। ট্রাইব্যুনালের নির্দেশে বন্দর থানা মামলাটি নথিভুক্ত করে তদন্ত করছে। বিডি-প্রতিদিন/এমএল

সাবেক স্বামীর ছবি ও ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইল, স্কুলশিক্ষিকা গ্রেপ্তার

ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতাকে বহিষ্কার

মিরসরাই উপজেলার হাইতকান্দি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. রাশেদকে ইয়াবাসহ গ্রেপ্তারের পর দলের প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম উত্তর জেলা শাখা। শুক্রবার (৯ অক্টোবর) চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস.এম মুরাদ তাকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের দপ্তর সম্পাদক আবু সাঈদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে যুবদলের আহ্বায়ক মো. রাশেদকে বহিষ্কারে বিষয়টি জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো. রাশেদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মুহাম্মদ জসিম ও সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। এতে আরও বলা হয়, বহিষ্কৃত ব্যক্তির কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না। একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে প্রেস বিজ্ঞপ্তিতে কী ধরণের অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তা বিস্তারিত উল্লেখ করা হয়নি। জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর চট্টগ্রাম শহরে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ রাশেদকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পাহাড়তলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস.এম মুরাদ জানান, দলীয় পদে থেকে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকা যাবে না। হাইতকান্দি ইউনিয়ন যুবদলের আহবায়ক রাশেদের বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগ থাকায় তাকে প্রাথমিক সদস্য পদ সহ তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতাকে বহিষ্কার

‘অনিয়ম-দুর্নীতির বিপক্ষে আওয়াজ তোলায় বাবাকে হেনস্তা করা হচ্ছে’

অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলার কারণেই জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার ছোট ছেলে সাব্বির জামান। একইসঙ্গে গত ১৭ বছর ধরে যে ধরনের পরিস্থিতি চলে এসেছে, এখনো সেই একই কর্মসূচি শুরু হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার (২ অক্টোবর) মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের পর ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে এসে ক্ষোভ প্রকাশ করেন তিনি।  সাব্বির জামান বলেন, অনিয়ম এবং দুর্নীতির বিপক্ষে আওয়াজ তোলায় সরকার আমাদের এভাবে হেনস্তা করার চেষ্টা করছে। এটা আমরা আগেও দেখেছি। গত ১৭ বছর একই প্রোগ্রামে চলেছে। এখনো আবার সেই একই প্রোগ্রাম শুরু হয়েছে। বাবার ফেসবুকে গেলে উনার স্টেটমেন্টগুলো দেখতে পাবেন উল্লেখ করে মেজর (অব.) আখতারুজ্জামানের ছোট ছেলে বলেন, আমাদের ফেসবুকে উনার স্টেটমেন্টগুলো দেখতে পাবেন। আমাদের ফেসবুকে উনার গতকালের লাইভগুলো আছে। আপনারা সেগুলো দেখে জাজ করেন। এখানে উনি কি অন্যায় করেছেন নাকি এটা কাম্য ছিল? এর আগে, গতকাল মেজর (অব.) আখতারুজ্জামানকে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করে ডিবি। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। পরে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়। জানা যায়, মেজর (অব.) আখতারুজ্জামান কিশোরগঞ্জের কটিয়াদীর বাসিন্দা। তিনি বিএনপির মনোনয়নে কিশোরগঞ্জ-২ আসন থেকে ১৯৯১ ও ১৯৯৬ সালে টানা দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। একসময় তিনি কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্বও পালন করেন। দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি তাকে বিএনপি থেকে পঞ্চমবারের মতো বহিষ্কার করা হয়। পরবর্তী সময়ে বিভিন্ন সমসাময়িক ইস্যুতে টকশো ও সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দিয়ে আলোচনায় ছিলেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত বছরের ১৩ ডিসেম্বর জামায়াতে ইসলামীতে যোগ দেন তিনি। এদিকে গ্রেপ্তারের আগে নিজের ফেসবুকে দেওয়া ভিডিও বার্তায় আখতারুজ্জামান বলেছিলেন, তাকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। এ সময় তিনি দেশবাসীর কাছে দোয়া চান। ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। আমাকে এই মুহূর্তে ডিবি পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। শুধু আপনাদের সবাইকে জানিয়ে গেলাম। দোয়া করবেন।’ তিনি আরও বলেন, ‘আমি যেন জনগণের জন্য দেশের মানুষের জন্য বিশেষ করে প্রবাসীদের স্বার্থ রক্ষার জন্য শহীদ হতে পারি। আল্লাহ যেন আমার এই দাবি কবুল করেন। আহ্বান কবুল করেন। জনগণের অধিকারের সংগ্রামে আমি আছি থাকবো আজীবন থাকবো। যতদিন বেঁচে আছি ততদিন জনগণের পাশে থাকবো, জনগণের জন্য সংগ্রাম করব জনগণের জন্য এই জীবন ত্যাগ করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।’ এর আগে, বৃহস্পতিবার সকালে মদিনা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে আসা ওমরাহ যাত্রীদের জমজমের পানি সরবরাহে বিলম্ব হয়। ওই ফ্লাইটে ছিলেন আখতারুজ্জামান। ঢাকায় বিমানবন্দরে নেমে ওই ঘটনা নিয়ে বিমানবন্দরের কর্মকর্তাদের সঙ্গে ‘বাজে’ আচরণ শুরু করেন তিনি। তিনি বিমানমন্ত্রীর নাম ধরেও আপত্তিকর মন্তব্য করেন। তার উচ্চবাচ্যের একটি ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, জামায়াত নেতা আখতারুজ্জামান বিমানবন্দরের নির্বাহী পরিচালক (ইডি) গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদকে উদ্দেশ করে বলছেন, ‘ঘাড় ধরে বের করে দিব, ঘাড় ধরে বের করে দিব। আপনারা কাজ করেন না, কিছু করেন না, তদবির করে পোস্ট নেন। মার খাইতে চান?’ তবে বিমানবন্দরের নির্বাহী পরিচালককে শান্তভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করতে দেখা যায়। এদিকে ওই ভিডিও ছড়িয়ে পড়লে বিমানবন্দরের মতো এলাকায় দায়িত্বশীল ব্যক্তির এমন অশোভন আচরণ নিয়ে তোলপাড় শুরু হয়। এরপরই গতকাল বিমানবন্দর থানায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিরাপত্তা কর্মকর্তা শাহরিয়ার আলম সজীব মামলা করেন। মামলায় মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, হুমকি প্রদানের অভিযোগ আনা হয়েছে। পুলিশ জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলির সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং দায়িত্বরত এক নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়। বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে বিমানবন্দর থানায় দণ্ডবিধির একাধিক ধারায় মামলাটি করেন। মামলার বিবরণ ও পুলিশের বক্তব্য অনুযায়ী, ১ অক্টোবর বেলা পৌনে ১১টার দিকে সৌদি আরবের মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৩৮ ফ্লাইটের যাত্রীরা নামার পর ৮ নম্বর লাগেজ বেল্ট এলাকায় ট্রলির সংকট দেখা দেয়। এতে লাগেজ পেতে বিলম্ব হওয়ায় যাত্রীদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি দেখতে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে গেলে আখতারুজ্জামান তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান বলে মামলায় অভিযোগ করা হয়েছে। মামলায় আরও অভিযোগ করা হয়, সংরক্ষিত কেপিআই এলাকায় ভিডিও ধারণে নিষেধ করায় নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিনের সঙ্গে আখতারুজ্জামানের কথা-কাটাকাটি হয় এবং একপর্যায়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। সাধারণ যাত্রীদের সংগ্রহ করা জমজমের পানির বোতলের ক্ষতিসাধন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক প্রতিনিধির সঙ্গে মারমুখী আচরণের অভিযোগও মামলায় রয়েছে। তদন্তসংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানান, ঘটনার সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য ও অন্যান্য আলামত সংগ্রহ করে তদন্তের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ, এসব অভিযোগ এখনো তদন্তাধীন।

‘অনিয়ম-দুর্নীতির বিপক্ষে আওয়াজ তোলায় বাবাকে হেনস্তা করা হচ্ছে’
Radio Logo
নগদ বার্তা Live
Live Audio Stream