ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
নগদ বার্তা
নেহা বোরার বয়স, জন্মস্থান থেকে শিক্ষাজীবন—গুগলে যা খুঁজছে মানুষ

নেহা বোরার বয়স, জন্মস্থান থেকে শিক্ষাজীবন—গুগলে যা খুঁজছে মানুষ

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির প্রতিবাদ ও গণবিক্ষোভের কেন্দ্রবিন্দুতে এসে নতুন আলোচনার জন্ম দিয়েছেন বামপন্থী ছাত্র সংগঠন আইসার জাতীয় সভাপতি নেহা বোরা। গত শনিবার দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ চলাকালে দিল্লি পুলিশের হাতে আটক হওয়া এই তরুণ নেত্রী সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম ও এক্সে লাইভ ভিডিওর মাধ্যমে আন্দোলনকারীদের সঙ্গে যোগাযোগ রেখে রাতারাতি ইন্টারনেটের অন্যতম জনপ্রিয় মুখ হয়ে ওঠেন। নেহা বোরার এই আকস্মিক উত্থানের পর তাঁর বয়স, জন্মস্থান, শিক্ষাগত যোগ্যতা এবং পারিবারিক পরিচয় জানতে গুগলে সার্চ করছেন সাধারণ মানুষ। ২৯ বছর বয়সী নেহা বোরার আদি বাড়ি ভারতের উত্তরাখণ্ডের খাটিমা অঞ্চলে। তবে তাঁর শৈশব ও শিক্ষাজীবনের একটি বড় অংশ কেটেছে দেশের বিভিন্ন প্রদেশে। পশ্চিমবঙ্গের শিলিগুড়ির স্কুলে পড়াশোনা শেষ করে তিনি উচ্চশিক্ষার জন্য রাজধানীতে পাড়ি জমান। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী হিন্দু কলেজ থেকে সমাজবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর ড. বি আর আম্বেদকর ইউনিভার্সিটি দিল্লি থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। বর্তমানে তিনি জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিষয়ে ডক্টরাল বা পিএইচডি গবেষক হিসেবে যুক্ত রয়েছেন। থিয়েটারের প্রতি অনুরাগ এবং পরবর্তীতে ২০১৯ ও ২০২০ সালে নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিরুদ্ধে গড়ে ওঠা দেশব্যাপী ছাত্র আন্দোলনের হাত ধরেই মূলত রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন নেহা। অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনে (আইসা) যোগদানের পর তিনি ধাপে ধাপে সংগঠনের জাতীয় সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। গত শনিবার যখন দিল্লি পুলিশ যন্তর মন্তরে যাওয়ার পথ বন্ধ করে দেয় এবং তাঁকে আটক করে, তখন এক ভিডিওবার্তায় তিনি সমর্থকদের উদ্দেশে বলেছিলেন, ‘আমি আটক হলেও, আন্দোলন থেমে থাকবে না।’ পুলিশের বাধা এড়িয়ে দিল্লি হাটসহ বিভিন্ন স্থানে আন্দোলন পুনর্বিন্যাস করতে তাঁর ভূমিকা ব্যাপক প্রশংসিত হয়। ব্যক্তিগত আলাপচারিতায় মৃদুভাষী হলেও মাইক্রোফোনের সামনে হিন্দি ও ইংরেজিতে তাঁর সাবলীল ও জোরালো বক্তব্য এবং সাংবিধানিক অধিকারের পক্ষে সোচ্চার অবস্থান তরুণ প্রজন্মের কাছে তাঁকে পরিচিত করে তুলেছে।

কোডিং ছাড়াই এআই দিয়ে গেম তৈরি করা যাবে গুগলের প্লেগ্রাউন্ড প্ল্যাটফর্মে

নিজেদের পছন্দের গেম তৈরি করতে প্রোগ্রামিং জানা বা জটিল সফটওয়্যার ব্যবহার করতে হবে না আর। নিজের পছন্দের গেমটি কেমন হবে, তা সাধারণ ভাষায় লিখে জানালেই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের মাধ্যমে গেম তৈরি করে দেবে গুগল ল্যাবসের তৈরি ‘প্লেগ্রাউন্ড’। প্ল্যাটফর্মটির মাধ্যমে গেম তৈরির পাশাপাশি সেগুলো খেলা ও অন্যদের সঙ্গে শেয়ারও করা যাবে বলে জানিয়েছে গুগল। গুগলের তথ্যমতে, গেম তৈরিতে আগ্রহী, কিন্তু প্রোগ্রামিংয়ে দক্ষ নন, এমন ব্যবহারকারীদের কথা মাথায় রেখে প্লেগ্রাউন্ড প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। প্ল্যাটফর্মে কোড লেখার পরিবর্তে টেক্সট নির্দেশনার মাধ্যমে গেম তৈরি করা যাবে। পরে চ্যাটের মাধ্যমে নির্দেশনা দিয়েই গেমের বিভিন্ন উপাদান ও বৈশিষ্ট্যে পরিবর্তন আনার সুযোগ মিলবে। গুগল প্লেগ্রাউন্ডে গেম তৈরির কাজ শুরু করা যাবে একেবারে খালি ক্যানভাস থেকে। চাইলে প্ল্যাটফর্মে দেওয়া নমুনা নির্দেশনাও ব্যবহার করা যাবে। গেম তৈরির পর এর খেলার নিয়ম, চরিত্র, গতিবিধি ও পরিবেশে পরিবর্তন আনার জন্য নতুন নির্দেশনা দেওয়া যাবে। পরিবর্তনগুলো সরাসরি ওয়েব ব্রাউজারেই পরীক্ষা করে দেখা যাবে। প্রথমবার গেম তৈরির পর কোনো অংশে পরিবর্তন আনতে চাইলে নতুন করে শুরু করার প্রয়োজন নেই। গেমের কোন অংশে কী পরিবর্তন দরকার, তা লিখে জানালেই হবে। এভাবে ধাপে ধাপে নতুন বৈশিষ্ট্য যোগ করা কিংবা বিদ্যমান উপাদানগুলো নিজের পছন্দ অনুযায়ী সাজিয়ে নেওয়া যাবে। প্লেগ্রাউন্ডে তৈরি গেম সরাসরি ওয়েব ব্রাউজারে খেলা যাবে। ফলে স্মার্টফোন ও ল্যাপটপের মতো বিভিন্ন যন্ত্র থেকে এসব গেম খেলার সুযোগ মিলবে। তৈরি করা গেম ব্যক্তিগতভাবে সংরক্ষণ করা, লিংকের মাধ্যমে অন্যদের সঙ্গে শেয়ার করা কিংবা প্লেগ্রাউন্ডের ‘এক্সপ্লোর’ গ্যালারিতে প্রকাশ করা যাবে। তবে গেমের ধরন অনুযায়ী এসব সুবিধা ব্যবহারের সুযোগ ভিন্ন হতে পারে। গুগল জানিয়েছে, প্রচলিত গেম তৈরির সফটওয়্যারের বিকল্প হিসেবে প্লেগ্রাউন্ড তৈরি করা হয়নি। প্ল্যাটফর্মটিতে গেম তৈরির সুবিধা ব্যবহার করতে গুগল ওয়ান মেম্বারশিপ প্রয়োজন হবে। পর্যায়ক্রমে প্ল্যাটফর্মটি সবার জন্য উন্মুক্ত করা হবে। গেম তৈরির সুযোগ আরও বিস্তৃত করতে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ইউনিটির সঙ্গেও কাজ করছে গুগল। এ উদ্যোগের অংশ হিসেবে প্লেগ্রাউন্ডের সঙ্গে ইউনিটি স্পার্কের সংযুক্তি নিয়ে পরীক্ষা চালাচ্ছে প্রতিষ্ঠানটি। সূত্র: নিউজ ১৮

কোডিং ছাড়াই এআই দিয়ে গেম তৈরি করা যাবে গুগলের প্লেগ্রাউন্ড প্ল্যাটফর্মে
Radio Logo
নগদ বার্তা Live
Live Audio Stream