গাইবান্ধায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহিদ মিনার ভাঙচুরের অভিযোগ
গাইবান্ধা শহরের বাংলাবাজার এলাকায় অবস্থিত কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) শহীদ মিনারের টাইলস ভাঙার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিক্ষার্থীদের পাশাপাশি শহরবাসীর মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সোমবার সকালে শহরের বাংলাবাজার এলাকায় অবস্থিত কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) শহিদ মিনারের একটি পিলারের কিছু অংশ হাতুড়ি দিয়ে ভেঙে ফেলা হয়।
জানা গেছে, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশিক্ষক মোহাম্মদ আহসান হাবীব গত ১৮ অক্টোবর একটি লাইভ ভিডিওতে শহিদ মিনারে উঠে অবমাননাকর বক্তব্য দিয়ে ভেঙে ফেলার হুমকি দেন। এ ঘটনায় বিভাগীয় পরামর্শে কর্তৃপক্ষ গত ১৯ আগস্ট গাইবান্ধা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করে। রবিবার থানা থেকে তদন্ত কর্মকর্তা গিয়ে তদন্ত করেন। সোমবার সকালে তিনি আরও ক্ষেপে গিয়ে শহিদ মিনারের বেশ কিছু অংশ ভেঙে ফেলেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক ও প্রশিক্ষণ উইংয়ের পরিচালককে প্রতিষ্ঠানের পক্ষ থেকে অবগত করা হয়। ঘটনার পরপরই অভিযুক্ত আহসান হাবীব গা ঢাকা দিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত আহসান হাবীবের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ মাহবুবার রহমান বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তিনি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্ত আহসান হাবীবের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। ঘটনার পরপরই অভিযুক্ত আহসান হাবীব গা ঢাকা দিয়েছেন।
এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।