রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমদ
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের নাম ঘোষণা করেছে ১১ দলীয় জোট।রোববার (৯ আগস্ট) বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের সরকারি বাসভবনে অনুষ্ঠিত জোটের বৈঠকে রাষ্ট্রপতি পদে প্রার্থী চূড়ান্ত করা হয়।বৈঠক শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।মনোনয়ন পাওয়ার পর কর্নেল (অব.) অলি আহমদ বলেন, ‘জাতির সঙ্গে কখনও বেঈমানি করব না। জাতির জন্য যেটা ভালো, সেটাই করব।’জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, দেশের কল্যাণের বিষয়টি বিবেচনায় নিয়ে সর্বোচ্চ ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হয়েছে।এর আগে একই দিন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মনোনয়ন নিয়ে আলোচনা করতে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় জোটের নেতাদের বৈঠক শুরু হয়। এতে রাষ্ট্রপতি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী, রাজনৈতিক সমঝোতা ও পরবর্তী করণীয় নিয়ে আলোচনা করেন জোটের শীর্ষ নেতারা।শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার, জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদসহ শরিক দলগুলোর নেতারা অংশ নেন।বৈঠকে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, জাগপার রাশেদ প্রধান, খেলাফত মজলিসের মামুনুল হক, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং নাসিরুদ্দিন পাটোয়ারীও উপস্থিত ছিলেন।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে কর্নেল (অব.) অলি আহমদের নাম ঘোষণা করা হয়।