ঢাকা    সোমবার, ১০ আগস্ট ২০২৬
নগদ বার্তা

এসএসসি ও সমমানে পাসের হার ৬২.২৫%, ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন

এসএসসি ও সমমান পরীক্ষায় এবার পাসের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। চলতি বছর এ পরীক্ষায় ৬২ দশমিক ২৫ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। ২০০৭ সালের পর গত ১৯ বছরের মধ্যে এটিই সর্বনিম্ন পাসের হার।গত বছর এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। সে হিসাবে এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৬ দশমিক ২০ শতাংশ পয়েন্ট।এবারের পরীক্ষায় মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন।ফলাফলে দেখা গেছে, এবার জিপিএ-৫ পাওয়ার সংখ্যাও আগের বছরের তুলনায় কমেছে। মোট ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী পূর্ণাঙ্গ জিপিএ-৫ অর্জন করেছে, যা উত্তীর্ণ শিক্ষার্থীর প্রায় ১০ দশমিক ২৪ শতাংশ।গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন। অর্থাৎ এক বছরের ব্যবধানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২২ হাজার ৩৫৬ জন।এর আগে ২০২১ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় সর্বোচ্চ ৯৩ দশমিক ৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল। বিপরীতে ২০০৭ সালে পাসের হার ছিল ৫৭ দশমিক ৩৭ শতাংশ। সেই হিসাবে এবারের ফলাফল গত দুই দশকের মধ্যে তুলনামূলকভাবে সবচেয়ে কম পাসের হারগুলোর একটি।চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। এসএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় ২০ মে। অন্যদিকে দাখিল এবং এসএসসি ও ভোকেশনালের তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় ২৪ মে। ফলাফলে পাসের হার ও জিপিএ-৫—দুই সূচকেই গত বছরের তুলনায় নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।

এসএসসি ও সমমানে পাসের হার ৬২.২৫%, ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন