ঢাকা    রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
নগদ বার্তা
আইফোনের আশায় হরমুজে জেলেদের ঢল

আইফোনের আশায় হরমুজে জেলেদের ঢল

ইরানের উপকূলে ডুবে গেছে পণ্যবাহী জাহাজ ‘জিএফএস প্রাইড’। জাহাজটিতে থাকা আইফোন, ফরাসি সুগন্ধি ও অন্যান্য পণ্য সংগ্রহ করতে ছোট ছোট মাছ ধরার নৌকা ও উদ্ধারকারী নৌযান নিয়ে সাগরে নেমেছেন শত শত জেলে। গত বুধবার (১৪ অক্টোবর) জাহাজটি ডুবে যাওয়ার পর হরমুজ প্রণালিসংলগ্ন এলাকায় এ দৃশ্য দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, আমরা হরমুজ প্রণালির দিকে যাচ্ছি। শুনেছি, একটি কনটেইনারবাহী জাহাজ ডুবে গেছে। তাই আইফোন ও সুগন্ধি সংগ্রহ করতে যাচ্ছি। ভাইরাল ভিডিওতে দেখা গেছে, পানিতে আংশিক ডুবে থাকা কনটেইনারের মধ্য দিয়ে নৌকা চালিয়ে যাচ্ছেন জেলেরা। তারা পানির ভেতর থেকে বাক্স টেনে তোলার চেষ্টা করছেন। একটি ভিডিওতে ছোট একটি নৌকাকে আস্ত একটি কনটেইনার টেনে নেওয়ার চেষ্টা করতেও দেখা যায়। যেভাবে ডুবল জাহাজটি সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ জিএফএস প্রাইডে আগুন লাগার পর সেটি ডুবে যায় বলে জানিয়েছে দেশটি। জাহাজটিতে থাকা ২১ জন নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় কেউ আহত হননি। তবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনীর দাবি, জাহাজটি ‘অনুমোদনহীন ও বিপজ্জনক’ পথে চলছিল। একপর্যায়ে সেটি সমুদ্রের মাইনে আঘাত করলে আগুন ধরে যায়। ডুবে যাওয়ার সময় জাহাজটিতে আড়াই হাজারের বেশি কনটেইনার ছিল। হরমুজ প্রণালি ও এর আশপাশে বাণিজ্যিক জাহাজে হামলা বেড়ে যাওয়ার মধ্যেই এ ঘটনা ঘটল। যুদ্ধ শুরুর পর আইআরজিসির হামলার তীব্রতা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। তবে তুলনামূলকভাবে অল্পসংখ্যক জাহাজ ডুবেছে। যুদ্ধ শুরুর পর জিএফএস প্রাইড ২৪ ঘণ্টার মধ্যে ডুবে যাওয়া দ্বিতীয় জাহাজ। আর যুদ্ধ শুরুর পর থেকে এটি তৃতীয় ডুবন্ত জাহাজ। এর আগে গত ২৩ সেপ্টেম্বর হামলায় ডুবে যায় অ্যান্টিগুয়া ও বারবুডার পতাকাবাহী জাহাজ ‘কেপ দাও’। আইআরজিসির নৌবাহিনী ওই এলাকা থেকে জাহাজগুলোকে দূরে থাকার সতর্কতা দিয়েছে। পাশাপাশি পানিতে ভেসে থাকা কনটেইনারের আশপাশে চলাচলের ক্ষেত্রে স্থানীয় জেলেদেরও সতর্ক থাকতে বলেছে। তথ্যসূত্র: এনডিটিভি

হরমুজ প্রণালিতে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন

হরমুজ প্রণালিতে পণ্যবাহী একটি জাহাজ ডুবে যাওয়ার পর সাগরের পানিতে ভাসতে দেখা গেছে আইফোনের বাক্স ও দামি সুগন্ধির প্যাকেট। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ছোট নৌকায় থাকা লোকজনকে পানিতে ভাসমান এসব পণ্য সংগ্রহ করতেও দেখা গেছে। জাহাজটি কীভাবে ডুবেছে, তা নিয়ে ইরানের দাবি ও সামুদ্রিক কর্তৃপক্ষের বক্তব্যে ভিন্নতা দেখা দিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে টিভির প্রতিবেদনে বলা হয়েছে, সিঙ্গাপুরের পতাকাবাহী কনটেইনার জাহাজ ‘জিএফএস প্রাইড’ দুবাই থেকে পণ্য নিয়ে যাচ্ছিল। গত বুধবার হামলার শিকার হওয়ার পর জাহাজটিতে আগুন ধরে যায়। পরে এটি হরমুজ প্রণালিতে ডুবে যায়। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি সংবাদমাধ্যমটি। সিঙ্গাপুরের মেরিটাইম অ্যান্ড পোর্ট অথরিটি জানিয়েছে, জাহাজটির ২১ জন নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় কেউ আহত হননি। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য সানের প্রতিবেদন অনুযায়ী, জাহাজটিতে প্রায় ২ হাজার ৫০০ কনটেইনার ছিল। এসব কনটেইনারে আইফোন ও দামি সুগন্ধিসহ বিভিন্ন পণ্য ছিল। জাহাজটি ডুবে যাওয়ার পর কিছু পণ্য সাগরের পানিতে ছড়িয়ে পড়ে। পরে ছোট নৌকায় করে লোকজন সেগুলো সংগ্রহ করতে যায়। জাহাজডুবির কারণ নিয়ে ভিন্ন বক্তব্য ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, অনুমোদনহীন পথে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় নৌমাইনে আঘাত পেয়ে জাহাজটি ডুবে যায়। তবে সামুদ্রিক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, জাহাজটিতে অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্র বা প্রক্ষেপণাস্ত্রের আঘাত লেগেছিল। ফলে জাহাজডুবির প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়। হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যেই এ ঘটনা ঘটল। সংযুক্ত আরব আমিরাতের নিরাপত্তার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ অংশীদার। এর আগে গত ৬ অক্টোবর ওমান উপসাগরে ইরানের সঙ্গে সংশ্লিষ্ট একটি ছোট নৌযানে হামলা চালায় মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের দাবি, নৌযানটি মার্কিন নৌবাহিনীর জাহাজগুলোর ওপর নজরদারি চালাচ্ছিল এবং সেগুলোকে লক্ষ্যবস্তু করার চেষ্টা করছিল। হামলার আগে নৌযানটির নাবিকদের সরিয়ে নেওয়া হয়। পরে নৌযানটি ধ্বংস করা হয়। মার্কিন কর্তৃপক্ষ জানায়, এ ঘটনায় কেউ হতাহত হননি। এদিকে হরমুজ প্রণালির কাছাকাছি ‘কেপ দাও’ নামের অ্যান্টিগুয়া ও বারবুডার পতাকাবাহী একটি বাল্ক ক্যারিয়ারও ডুবে গেছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গত ২৩ সেপ্টেম্বর ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার কয়েক সপ্তাহ পর জাহাজটি ডুবে যায়। ওই হামলায় একজন নাবিক নিহত হন। অন্য নাবিকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছিল। ৪৮ ঘণ্টায় বাণিজ্যিক জাহাজে অন্তত পাঁচটি হামলা হরমুজ প্রণালি ও এর আশপাশে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা বাড়ছে। বিশ্বজুড়ে তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথে গত ৪৮ ঘণ্টায় ট্যাংকারসহ বাণিজ্যিক জাহাজে অন্তত পাঁচটি হামলার ঘটনা নথিভুক্ত করেছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)। এসব ঘটনার মধ্যে ড্রোন হামলাও রয়েছে। গত ১০ দিনেও এ অঞ্চলে বাণিজ্যিক জাহাজে হামলার তীব্রতা বেড়েছে। ইরানের ভাষ্য, যুক্তরাষ্ট্রের বন্দর অবরোধ এবং গত মাসে আরোপ করা কঠোর নিষেধাজ্ঞার জবাব দিতেই তারা হামলা জোরদার করছে। বিশ্ব জ্বালানি সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবাহিত হতো। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর থেকে হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ আরও কঠোর করার চেষ্টা করছে ইরান। ওয়াশিংটনের ওপর চাপ বাড়াতে দেশটি জলপথটিতে জাহাজ চলাচল সীমিত করেছে। রয়টার্সকে দেওয়া বক্তব্যে ইরানের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর বিরুদ্ধে নতুন কৌশল প্রয়োগ করছে তেহরান। তেলের দাম উঁচু রাখা এবং আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রভাব বিস্তার করা এসব পদক্ষেপের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন তারা।

হরমুজ প্রণালিতে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন

গাজীপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ‘আইফোন’ জব্দ, এসআইয়ের বিরুদ্ধে ঘুষের অভিযোগ

গাজীপুরের শ্রীপুরে মার্কেট থেকে কেনা একটি আইফোন জব্দ এবং ট্র্যাকিং খরচের কথা বলে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর কাছ থেকে ১৭ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। অভিযুক্ত কর্মকর্তা শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান টিটু। তাঁর দাবি, চট্টগ্রাম থেকে চুরি যাওয়া মোবাইল উদ্ধারে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের নির্দেশনায় তিনি এই পদক্ষেপ নিয়েছেন। তবে জেলা পুলিশ প্রশাসন জানিয়েছে, মোবাইল ট্র্যাকিংয়ের নামে কোনো অর্থ নেওয়ার নিয়ম নেই এবং অভিযোগটি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগী আবুল হাসনাত আয়ান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিএসসি (সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং) বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী। তিনি শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের বাসিন্দা। আয়ান জানান, গত ২৬ সেপ্টেম্বর ঢাকার যমুনা ফিউচার পার্কের একটি দোকান থেকে নগদ ১ লাখ ৫ হাজার টাকায় একটি ব্যবহৃত ‘আইফোন ১৬ প্রো ম্যাক্স’ কেনেন। তাঁর কাছে ক্রয়ের ক্যাশ মেমো, মোবাইলের বক্সসহ যাবতীয় কাগজপত্র রয়েছে। শিক্ষার্থীর ভাষ্য অনুযায়ী, গত শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় এসআই মেহেদী হাসান টিটু তাঁর বাড়িতে গিয়ে জানান যে ফোনটি চোরাই। চট্টগ্রাম থেকে এক নারীকে অচেতন করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ ফোনটি চুরি করা হয় এবং এ বিষয়ে সিআর মামলা রয়েছে। আয়ান বলেন, ‘আমি দোকানের ক্যাশ মেমো ও বক্স দেখাই এবং এসআইয়ের সামনেই দোকানদারের সঙ্গে কথা বলে কেনাকাটার সত্যতা নিশ্চিত করি। কিন্তু তিনি বলেন, যেহেতু ফোন আমার কাছে পাওয়া গেছে, তাই সমস্যা আমারই।’ শিক্ষার্থীর অভিযোগ, দোকানের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তাকে এবং ফোনটিকে থানায় নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয়। পরবর্তীতে ‘লোকেশন ট্র্যাকিং খরচ’ বাবদ ১৭ হাজার টাকা দাবি করেন ওই এসআই এবং তা আদায় করেন। আয়ান বলেন, ‘আমি বাবার টাকায় বৈধভাবে দোকান থেকে ফোন কিনলাম, অথচ আমার টাকার ক্ষতি হলো। উল্টো ট্র্যাকিংয়ের নামে এসআই ১৭ হাজার টাকা ঘুষ নিয়ে গেলেন। আমি ক্ষতিগ্রস্ত হলে পুলিশ কেন আমার সহায়তা করবে না?’ ঘটনার সময় মোবাইল হস্তান্তরের পুরো দৃশ্য ওই পুলিশ কর্মকর্তা নিজের মোবাইল ফোনে ভিডিও ধারণ করলেও ভুক্তভোগীকে তার কোনো অনুলিপি দেননি বলে জানান ওই শিক্ষার্থী। ঘুষের অভিযোগ ও মোবাইল ট্র্যাকিংয়ের নামে টাকা আদায়ের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত এসআই মেহেদী হাসান টিটু মামলার সুনির্দিষ্ট তথ্য ও ডিবির নির্দেশনার কথা উল্লেখ করেন। তবে শিক্ষার্থীকে ক্ষতিগ্রস্ত করা এবং ১৭ হাজার টাকা নেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি উত্তর না দিয়ে বিষয়টি এড়িয়ে যান। এদিকে গাজীপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসীম উদ্দীন ঘটনাটি সম্পর্কে অবগত বলে নিশ্চিত করেছেন। এসপি বলেন, ‘বিষয়টি আমি অবহিত হয়েছি এবং খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মোবাইল ট্র্যাকিং খরচের কথা বলে কারও কাছ থেকে টাকা নেওয়ার কোনো সুযোগ নেই, এটি সম্পূর্ণ অনিয়ম।’

গাজীপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ‘আইফোন’ জব্দ, এসআইয়ের বিরুদ্ধে ঘুষের অভিযোগ
Radio Logo
নগদ বার্তা Live
Live Audio Stream