‘আই হ্যাভ আ প্ল্যান’ গানটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। পাশাপাশি ব্যবহার করা হয়েছে তার একটি কনসার্টের ভিডিও। গানটি শুনে বোঝার উপায় নেই সেটা সংগীতশিল্পী তাসরিফ খানের কণ্ঠ বা তার কনসার্ট নয়। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এই শিল্পী।
তাসরিফ জানিয়েছেন, গানটি তার নয়। তার দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে তার কণ্ঠ নকল করে গানটি তৈরি করা হয়েছে।
মঙ্গলবার সামাজিক মাধ্যমে একটি সংবাদ শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘যেই এটা করুক না কেন, তাকে এর মূল্য দিতে হবে!’
ঘটনাটি নিয়ে এরই মধ্যে আইনি পদক্ষেপের প্রস্তুতি নিয়েছেন তাসরিফ। গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করবেন। তার দলের সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির বিভিন্ন লিংকও শনাক্ত করেছেন।
গানটির অডিও সম্পর্কে তাসরিফের দাবি, তাঁর কণ্ঠ ব্যবহার করে এআইয়ের মাধ্যমে এটি তৈরি করা হয়েছে—এ বিষয়ে তিনি ৯৯ দশমিক ৯৯ শতাংশ নিশ্চিত। তাঁর ভাষায়, ‘এটি কারও প্রকৃত কম্পোজিশন হতেই পারে না। কোনো কনসার্টের ভিডিও ফুটেজ সংগ্রহ করে সেটির সঙ্গে কৃত্রিমভাবে তৈরি অডিও জুড়ে দেওয়া হয়েছে।’
ভিডিওটিতেও কৌশলে তার কনসার্টের দৃশ্য ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ তাসরিফের। তিনি বলেন, ‘ভিডিওটা এমনভাবে আমার কনসার্ট দিয়ে বানিয়েছে, যেন সাধারণ মানুষ বিশ্বাস করে। কনসার্টের একটি ভিডিও দূর থেকে ধরে বানিয়েছে, যাতে কেউ বুঝতে না পারে। যারা এসব করেছে, তারাও ভীষণ কৌশলে আমাকে ব্যবহার করেছে। আমি ওদের কর্মকাণ্ডে বিস্মিত।’
তাসরিফের অভিযোগ, বিষয়টি শুধু বিনোদনের উদ্দেশ্যে করা হয়নি; তাঁকে হয়রানি করার উদ্দেশ্যও থাকতে পারে। এমনকি এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলেও মনে করছেন তিনি।
এ প্রসঙ্গে তাসরিফ বলেন, ‘আগের সরকারের সময়ও আমাকে শত্রু মনে করা হয়েছে, এবারও এই ধরনের প্রপাগান্ডা ছড়িয়ে শত্রু বানানোর চেষ্টা করছে একটা মহল। আমি আমার কাজ করছি। একজন শিল্পী হিসেবে দায়বোধ থেকে অন্যায়-অনিয়মের প্রতিবাদ আগেও জানিয়েছি, ভবিষ্যতেও জানাব। এতে আমি কখনো পিছপা হব না।’
মতামত