ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
নগদ বার্তা

ট্রেন্ডিং

ইসরাইলের নিরাপত্তা বাহিনীতে নিহতের সংখ্যা ছাড়াল ১৩১৮

ইসরাইলের নিরাপত্তা বাহিনীতে নিহতের সংখ্যা ছাড়াল ১৩১৮

ইসরাইল-হামাস যুদ্ধ শুরুর পর থেকে বিভিন্ন ফ্রন্টে দেশটির নিরাপত্তা বাহিনীর ১ হাজার ৩১৮ সদস্য নিহত হয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ফ্যামিলিজ, কমেমোরেশন অ্যান্ড হেরিটেজ বিভাগ রোববার (৪ অক্টোবর) এ তথ্য জানিয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে নিহতদের এই তালিকায় ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ), পুলিশ, শিন বেত, ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস, নিরাপত্তা সমন্বয়কারী এবং স্থানীয় প্রতিরোধ দলের সদস্যরা রয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজা উপত্যকা ছাড়াও লেবানন ও পশ্চিম তীরসহ বিভিন্ন ফ্রন্টে এসব প্রাণহানি ঘটেছে। যুদ্ধের কারণে এ পর্যন্ত ৭ হাজার ১৫০ জনের বেশি মানুষকে স্বজন হারানো পরিবার হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তাদের মধ্যে রয়েছেন ২ হাজার ১৪৩ জন শোকাহত বাবা-মা, ৩৫৫ জন বিধবা ও ৮৮০ জন এতিম। এ ছাড়া যুদ্ধে ৩ হাজার ৭৭২ জন তাদের ভাই বা বোন হারিয়েছেন। গাজায় ২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েলি সেনাদের প্রাণহানি পুরোপুরি বন্ধ হয়নি। গাজায় বাফার জোন নির্ধারণকারী ‘ইয়েলো লাইন’-সংলগ্ন এলাকায় বিভিন্ন ঘটনায় এখনও ইসরায়েলি সেনারা নিহত হচ্ছেন। গত সপ্তাহে উত্তর গাজায় একটি সামরিক অবস্থানে আইডিএফের পরিচালিত একটি ড্রোন অবতরণের পর বিস্ফোরিত হলে দুই রিজার্ভ সেনা নিহত হন। তারা ১৬তম ব্রিগেডের সদস্য ছিলেন। নিহত দুই সেনা হলেন- ২৪ বছর বয়সী মেজর (রিজার্ভ) নাদাভ কালি ও ২৩ বছর বয়সী মেজর (রিজার্ভ) অফেক মোআলেম। কালি হার হালুতজ এলাকার এবং মোআলেম জেরুজালেমের বাসিন্দা ছিলেন।

‘নিজের কল্পনায় আপনি প্রতিদিনই জিততে পারেন, কিন্তু বাস্তবতা তৈরি করে ইরান’

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মার্কিন ইতিহাসের ‘সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট’ বলে কটাক্ষ করেছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি। শুক্রবার (২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক কড়া বার্তায় তিনি এই মন্তব্য করেন। এক্স পোস্টে মোহসেন রেজায়ি লেখেন, ‘একের পর এক ব্যর্থতার পরও মার্কিন ইতিহাসের সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট শুধু কথা বলেই যাচ্ছেন। এখন তার কথাও তার নিজের কল্পনাকে ছাড়িয়ে গেছে।’ ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে তিনি আরও বলেন, ‘নিজের কল্পনায় আপনি প্রতিদিনই জিততে পারেন। কিন্তু বাস্তবতা তৈরি করে ইরান; ইরানের জনগণ, সেনারা এবং ক্ষেপণাস্ত্র।’ অন্যদিকে, চলমান সংকটে ইরানের জনগণের সাহসিকতা ও বীরত্বপূর্ণ প্রতিরোধের ভূয়সী প্রশংসা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোয় ভালদাই ডিসকাশন ক্লাবের ২৩তম বার্ষিক সভার পূর্ণাঙ্গ অধিবেশনে তিনি এ কথা বলেন। এদিকে মস্কোয় ভালদাই ডিসকাশন ক্লাবের অধিবেশনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ‘পুরো বিশ্ব কী ঘটছে তা গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং ইরানি জাতির সাহস ও বীরত্ব এবং তাদের প্রতিরোধ দেখে বিস্মিত।’ পুতিন আরও উল্লেখ করেন যে, ইরানের প্রশাসন, সশস্ত্র বাহিনী এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মধ্যে অত্যন্ত শক্তিশালী ও উচ্চপর্যায়ের নেতৃত্বের একটি দল রয়েছে। এই মানুষগুলো নিজেদের জনগণের স্বার্থে যেকোনো আত্মত্যাগে প্রস্তুত। এর আগে গত বৃহস্পতিবার এক দাবিতে ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি নিশ্চিত যে ইরানকে খুব দ্রুত শেষ করে দেওয়া হবে। তার দাবি, ইরানের শাসকগোষ্ঠী আত্মসমর্পণের জন্য প্রস্তুত এবং সাত মাস ধরে চলা এই যুদ্ধে যুক্তরাষ্ট্রই জয়ী হবে। ট্রাম্পের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগেই কিংবা নির্বাচন শেষ হওয়ার পরপরই এই বিজয় অর্জিত হতে পারে।

‘নিজের কল্পনায় আপনি প্রতিদিনই জিততে পারেন, কিন্তু বাস্তবতা তৈরি করে ইরান’

আজ রাতেই আসছে রূপপুরের পারমাণবিকের জ্বালানি

রাশিয়া থেকে বিশেষ কার্গো বিমানে আজ শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি। আগামীকাল শনিবার যেকোনো সময় কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে বিশেষ ব্যবস্থায় জ্বালানি রূপপুরে নেওয়া হবে। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম আজ সন্ধ্যায় গণমাধ্যমকে জ্বালানি পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন। প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান তিনি। সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার এই পারমাণবিক জ্বালানি দেশে আসার কথা থাকলেও এক দিন পিছিয়ে আজ দুপুরে পৌঁছানোর সময় নির্ধারণ করা হয়। পরে সময় আরও পরিবর্তন করে রাত সাড়ে ১১টার দিকে পৌঁছানোর কথা জানানো হয়। বর্তমানে জ্বালানি পরিবহনে আর কোনো জটিলতা নেই। সংশ্লিষ্ট একাধিক সূত্রের তথ্য অনুযায়ী, রূপপুরের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি এবং প্রথম ইউনিটের রিফুয়েলিংয়ের জন্য দুটি—মোট নয়টি কার্গোতে পারমাণবিক জ্বালানি দেশে আনা হবে। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রসাটম জানিয়েছে, ডিসেম্বরের মধ্যেই পুরো জ্বালানি সরবরাহ সম্পন্ন হবে। রূপপুরের প্রথম ইউনিটে ইতিমধ্যে জ্বালানি লোড করা হয়েছে। প্রায় দেড় বছর পর ওই ইউনিটের ব্যবহৃত জ্বালানির এক-চতুর্থাংশ পরিবর্তন করতে হয়। প্রয়োজনীয় জ্বালানি আগাম আনা হচ্ছে এ কারণে। চুক্তি অনুযায়ী, প্রথম তিন বছর রাশিয়া জ্বালানি সরবরাহ করবে। এরপর নির্ধারিত সময় পরপর জ্বালানি পরিবর্তনের জন্য বাংলাদেশকে তা আমদানি করতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্র জানায়, অত্যন্ত স্পর্শকাতর এই পারমাণবিক জ্বালানি বিশেষ কার্গো বিমানে কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে দেশে আনা হচ্ছে। রাশিয়া ও বাংলাদেশ গতকাল বৃহস্পতিবার জ্বালানি পরিবহনের সব প্রস্তুতি সম্পন্ন করলেও বিশেষ কারণে তা এক দিন পিছিয়ে যায়। সূত্রের তথ্য অনুযায়ী, কার্গো বিমানটি কাজাখস্তান, আফগানিস্তান, পাকিস্তান ও ভারত হয়ে বাংলাদেশে আসার পরিকল্পনা রয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের মোট উৎপাদন সক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট। প্রথম ইউনিটে জ্বালানি লোডিং সম্পন্ন হলেও বিভিন্ন জটিলতায় বিদ্যুৎ উৎপাদনের সময়সূচি পিছিয়েছে। চলতি মাসে উৎপাদনে যাওয়ার কথা থাকলেও সেফটি ভালভে ত্রুটি দেখা দেওয়ায় তা সম্ভব হয়নি। এনপিসিবিএলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গত বুধবার সেফটি ভালভের মেরামতকাজ সফলভাবে সম্পন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। বিদ্যুৎ উৎপাদন শুরু করতে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা সম্পন্ন করতে হবে। পরীক্ষাগুলো সফল হলে প্রথম ইউনিটে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। দ্বিতীয় ইউনিটের নির্মাণ ও কমিশনিং কার্যক্রমও এগিয়ে চলছে।

আজ রাতেই আসছে রূপপুরের পারমাণবিকের জ্বালানি
Radio Logo
নগদ বার্তা Live
Live Audio Stream