প্রিন্ট এর তারিখ : ২৯ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬
যে দেশে পানির চেয়ে তেলের দাম কম
||
ভারতীয়দের ৩ দিন ভিসা ছাড়াই থাকার সুযোগ
দক্ষিণ-পূর্ব এশিয়ার ছোট্ট দেশ ব্রুনেই। তেলসমৃদ্ধ অর্থনীতি, ভর্তুকির কারণে তুলনামূলক কম দামে জ্বালানি, দৃষ্টিনন্দন মসজিদ ও বিস্তীর্ণ বনভূমির জন্য দেশটি নতুন করে আলোচনায় এসেছে। দেশটির আরেকটি আকর্ষণ হলো, ভারতীয় নাগরিকেরা সেখানে সর্বোচ্চ তিন দিন ভিসা ছাড়াই অবস্থান করতে পারেন।
বৃহস্পতিবার ২৯ অক্টোবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ব্রুনেই ভ্রমণের অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন কনটেন্ট ক্রিয়েটর অঙ্কিতা কুমার। তিনি দেশটিকে বিশ্বের ‘সবচেয়ে একঘেয়ে’ দেশগুলোর একটি বলে উল্লেখ করেছেন। তবে তার মতে, দেশটির শান্ত পরিবেশ ও ভিন্নধর্মী জীবনযাত্রাই একে আকর্ষণীয় করে তুলেছে।
অঙ্কিতা জানান, বিশ্বের অনেক দেশে জ্বালানির দাম নিয়ে যখন আলোচনা চলছে, তখন ব্রুনেইয়ে জ্বালানির দাম বোতলজাত পানির চেয়েও কম। দেশটি বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্র হিসেবেও পরিচিত। তার দাবি, সেখানে নাগরিকদের আয়কর দিতে হয় না, শিক্ষা প্রায় বিনা মূল্যে পাওয়া যায় এবং সরকারি হাসপাতালে চিকিৎসার বিল মাত্র এক ডলার।
ব্রুনেইয়ের সবচেয়ে বিস্ময়কর দিক হিসেবে দেশটির শান্ত পরিবেশের কথা তুলে ধরেছেন অঙ্কিতা। তার ভাষ্য, দেশটিতে ব্যস্ততম সড়ক মোড়েও লোকজনের উপস্থিতি খুব কম দেখা যায়। সেখানে নেই বড় শহরের কোলাহল কিংবা ব্যস্ত রাতের জীবন।
প্রতিবেদন অনুযায়ী, দেশটির প্রায় ৭০ শতাংশ এলাকা বনভূমিতে আচ্ছাদিত। স্থানীয়দের জন্য মদ্যপান নিষিদ্ধ। ফলে ব্রুনেইয়ের জীবনযাত্রা অনেক দেশের তুলনায় আলাদা।
অঙ্কিতার মতে, ব্রুনেইয়ে ঘোরার জন্য খুব বেশি দর্শনীয় স্থানের তালিকা তৈরি করার প্রয়োজন নেই। এখানে নেই অতিরিক্ত ব্যস্ততা বা তাড়াহুড়া। বরং ধীরগতির জীবনযাত্রাই দেশটির বিশেষত্ব।
অঙ্কিতার দেওয়া তথ্য অনুযায়ী, ভারতের চেন্নাই থেকে সরাসরি ফ্লাইটে ব্রুনেই যাওয়া যায়। এতে সময় লাগে প্রায় পাঁচ ঘণ্টা। রয়্যাল ব্রুনেই এয়ারলাইনস দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনা করে। ভারতের অন্যান্য বড় শহর থেকে সিঙ্গাপুর এয়ারলাইনস, এয়ারএশিয়া ও মালয়েশিয়া এয়ারলাইনসের মতো সংস্থার ফ্লাইটে ব্রুনেই যাওয়া সম্ভব।
প্রতিবেদনে বলা হয়েছে, মৌসুমভেদে একমুখী বিমান টিকিটের দাম সাধারণত ১৭ হাজার থেকে ২১ হাজার ভারতীয় রুপি থেকে শুরু হয়। তিন দিনের ভিসামুক্ত অবস্থানের সুযোগ থাকায় ভারতীয় পর্যটকেরা অল্প সময়ের ভ্রমণেও ব্রুনেই ঘুরে দেখতে পারেন বলে মনে করেন অঙ্কিতা।
সম্পাদক :মোহাম্মদ মঞ্জুরুল কবির (মঞ্জু) ll প্রকাশক: জাহিন ফয়সাল (শুভ)
২০২৬ © নগদ বার্তা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত