প্রিন্ট এর তারিখ : ২৯ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, সাবেক মাদ্রাসা সুপার গ্রেপ্তার
||
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ক্লোন করে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে প্রতারণার অভিযোগে মো. আ. সালাম (৪৪) নামে এক সাবেক মাদ্রাসা সুপারকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। বুধবার রাতে রংপুর মহানগরীর আইডিয়াল মোড়ের শান্তিধারা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আ. সালাম পীরগঞ্জ উপজেলার বড় মাজিদপুর (মধ্যপাড়া) গ্রামের মৃত আ. হামিদের ছেলে। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, চাকরিপ্রার্থীদের দেওয়া বিভিন্ন ব্যাংকের চেকবইয়ের ফাঁকা পাতা এবং চাকরিসংক্রান্ত বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে এ তথ্য জানান এসআরবি-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
এসআরবি জানায়, আ, সালামের নেতৃত্বে একটি প্রতারক চক্র কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ক্লোন করে বিভিন্ন পদে কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ভুয়া বিজ্ঞপ্তি প্রকাশ করে। ওই বিজ্ঞপ্তি দেখে প্রায় ১০০ জন চাকরিপ্রার্থী বিভিন্ন পদে আবেদন করেন। পরে তাদের নিয়ে রংপুরের একটি কমিউনিটি সেন্টার ভাড়া করে ভুয়া নিয়োগ পরীক্ষার আয়োজন করা হয়। এরপর রাজশাহীতে তাদের ভুয়া মৌখিক পরীক্ষাও নেওয়া হয়।
২০২৩ সালের ৩ ডিসেম্বর বিভিন্ন পদে ৪২ জনকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়ার একটি ভুয়া অফিস আদেশ প্রকাশ করে চক্রটি। এভাবে চাকরিপ্রার্থীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া হয় বলে জানায় এসআরবি।
বিষয়টি কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে এলে ক্লোন করা ভুয়া ওয়েবসাইটটি বন্ধের ব্যবস্থা নিতে কুড়িগ্রাম সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
এসআরবির অনুসন্ধানে আরও জানা যায়, আ. সালাম গাইবান্ধার সাদুল্লাপুরে একটি মাদ্রাসার সুপার হিসেবে দায়িত্ব পালনকালে ওই এলাকার বিভিন্ন নারীর কাছ থেকে বীমা প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ ছাড়া সুন্দরগঞ্জের বিভিন্ন এলাকায় টিউবওয়েল স্থাপনের কথা বলে একাধিক পরিবারের কাছ থেকে টাকা আত্মসাতের অভিযোগও রয়েছে।
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ জালিয়াতির ঘটনায় প্রতারিত চাকরিপ্রার্থীদের একজন মো. ফরহাদুল ইসলাম মন্ডল (২৯) বাদী হয়ে গত ২৭ অক্টোবর পীরগঞ্জ থানায় মামলা করেন। মামলায় গ্রেপ্তার আ. সালামকে প্রধান আসামি করা হয়েছে।
গ্রেপ্তার আসামি ও জব্দ করা আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।
সম্পাদক :মোহাম্মদ মঞ্জুরুল কবির (মঞ্জু) ll প্রকাশক: জাহিন ফয়সাল (শুভ)
২০২৬ © নগদ বার্তা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত