প্রিন্ট এর তারিখ : ২৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬
ধর্ম ও রাষ্ট্র আলাদা বলে কিছু নেই: ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রীর উপদেষ্টা
||
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের ধর্মবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা রায়ান হিগিন্সের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বর্ণবাদী, সমকামিতাবিরোধী ও ধর্মীয় উসকানিমূলক মন্তব্য ছড়ানোর অভিযোগ উঠেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক অনুসন্ধানী প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, হিগিন্স বিগত এক দশকে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ও ব্লগে বিভিন্ন সময় ইসলামধর্ম, অভিবাসী, সমকামী জনগোষ্ঠী এবং নারী সংক্রান্ত নানা বিষয় নিয়ে কট্টর ও বিতর্কিত বক্তব্য দিয়েছেন।
সিএনএনের অনুসন্ধান অনুযায়ী, হিগিন্স সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামাকে বর্ণবাদী কায়দায় ব্যঙ্গ করা একটি ভিডিওর পক্ষে সাফাই গান, সমকামী বিয়েকে ‘জঘন্য’ বলে আখ্যা দেন এবং মুসলিম ও অভিবাসীদের বিরুদ্ধে একাধিক চরমপন্থী মন্তব্য করেন। এ ছাড়া তিনি যুক্তরাষ্ট্রের সংবিধানে ‘ধর্ম ও রাষ্ট্রের পৃথক্করণের অস্তিত্ব নেই’ বলেও দাবি করেছেন।
গত কিছুদিন ধরে পেন্টাগনের শীর্ষ সামরিক নেতৃত্ব ও বিশেষজ্ঞদের সরিয়ে প্রতিরক্ষা দপ্তরে নীতিগত পরিবর্তন আনার যে প্রক্রিয়া শুরু হয়েছে, হিগিন্স সেখানে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে কাজ করছেন। পেন্টাগনে খ্রিষ্টীয় জাতীয়তাবাদী ভাবধারা জোরদার এবং নতুন ‘ধর্মবিষয়ক দপ্তর’ গঠনের পেছনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে সিএনএনকে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
তবে হিগিন্সের এই বিতর্কিত ভূমিকার বিষয়ে সিএনএনের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
মার্কিন প্রতিরক্ষা দপ্তরের (পেন্টাগন) প্রধান মুখপাত্র শন পার্নেল এক বিবৃতিতে হিগিন্সকে প্রতিরক্ষামন্ত্রীর দলের একজন ‘গুরুত্বপূর্ণ সদস্য’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘তিনি আমাদের সেনাদের আত্মিক স্বাস্থ্য এবং ধর্মবিষয়ক দপ্তর প্রতিষ্ঠার ঐতিহাসিক কাজের ওপর পুরোপুরি মনোযোগ দিচ্ছেন।’ তবে সিএনএনের উত্থাপিত নির্দিষ্ট অভিযোগগুলো সম্পর্কে পার্নেল কোনো সরাসরি মন্তব্য করেননি।
ইসলাম ও অভিবাসী বিরোধী বক্তব্য: ইউরোপে অভিবাসীদের অপরাধ সংক্রান্ত বিভিন্ন খবর শেয়ার করে হিগিন্স তাঁদের ‘বর্বর’ বলে মন্তব্য করেন। তিনি একাধিকবার ইসলামধর্ম ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর বিরুদ্ধে নেতিবাচক বক্তব্য ছড়িয়েছেন।
এলজিবিটিকিউ এবং গর্ভপাত সম্পর্কিত অবস্থান: হিগিন্স সমকামী অধিকার আন্দোলনের বিরুদ্ধে ধারাবাহিকভাবে কট্টর মতামত প্রকাশ করে আসছেন। একই সঙ্গে তিনি গর্ভপাতকে ‘শয়তানের উপাসনা’ বলে আখ্যা দিয়েছেন এবং গর্ভপাতকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
রাজনৈতিক বিরোধীদের আক্রমণ: বারাক ওবামা, জো বাইডেন, কমলা হ্যারিস ও ন্যান্সি পেলোসির মতো ডেমোক্রেটিক দলের শীর্ষ নেতাদের নিয়ে তিনি ব্যক্তিগত ও বর্ণবাদী আক্রমণাত্মক মন্তব্য করেছেন বলে সিএনএনের প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ষড়যন্ত্র তত্ত্ব ও ক্যাপিটল হিল সহিংসতা: ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির দাবি এবং কোভিড-১৯ মহামারি সংক্রান্ত নানা ষড়যন্ত্র তত্ত্ব প্রচারে তিনি সক্রিয় ছিলেন। ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার ঘটনার পরও তিনি নির্বাচন প্রক্রিয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন।
পেন্টাগনের ভেতর প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের তথাকথিত ‘সাংস্কৃতিক যুদ্ধ’ এবং সেনাবাহিনীতে খ্রিষ্টান ধর্মীয় নীতি বাস্তবায়নের উদ্যোগ নিয়ে মার্কিন রাজনীতিতে আগে থেকেই সমালোচনা চলছিল। জ্যেষ্ঠ উপদেষ্টা রায়ান হিগিন্সের এসব উসকানিমূলক ও কট্টর মন্তব্যের তথ্য সামনে আসার পর পেন্টাগনের নীতিগত অবস্থান ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিতর্ক আরও জোরালো হলো।
সম্পাদক :মোহাম্মদ মঞ্জুরুল কবির (মঞ্জু) ll প্রকাশক: জাহিন ফয়সাল (শুভ)
২০২৬ © নগদ বার্তা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত