প্রিন্ট এর তারিখ : ১৯ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬
মোটরসাইকেলে এসে এলোপাতাড়ি গুলি, বিকাশ এজেন্টের ‘৩ কোটি’ টাকা ছিনতাই
||
গাজীপুরের শ্রীপুরে বিকাশ ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের একটি প্রাইভেটকারের গতিরোধ করে গুলি ছুড়ে তিন কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্নপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এতে শ্রীপুরে বিকাশ ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠান ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজের অ্যাকাউন্টস অফিসার হিমেল গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন এরিয়া ম্যানেজার ফরহাদ ও প্রাইভেটকারচালক লাল মিয়া।
জানা গেছে, অ্যাকাউন্টস অফিসার হিমেল ও এরিয়া ম্যানেজার ফরহাদ নরসিংদী থেকে ভাড়া করা একটি প্রাইভেটকারে বস্তায় করে তিন কোটি টাকা নিয়ে শ্রীপুরের উদ্দেশে রওনা হন। পথে শ্রীপুরের গোসিঙ্গা-কর্নপুর এলাকার গজারি বনে পৌঁছালে ১০ থেকে ১২টি মোটরসাইকেলে করে আসা একদল ব্যক্তি তাঁদের গাড়ির পথরোধ করে।
একপর্যায়ে দুর্বৃত্তরা প্রাইভেটকার লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে হিমেল গুলিবিদ্ধ হন। পরে টাকার বস্তা ছিনিয়ে নেওয়ার সময় ধস্তাধস্তিতে ফরহাদ ও চালক লাল মিয়াও আহত হন। দুর্বৃত্তরা টাকার বস্তা নিয়ে পালিয়ে যায়।
আহত চালক লাল মিয়া জানান, গাড়িতে তিনটি বস্তায় চার কোটি টাকা ছিল। এরমধ্যে দুটি বস্তা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এতে প্রায় তিন কোটি টাকা ছিল। গজারি বনে পৌঁছানোর পর ১০ থেকে ১২টি মোটরসাইকেলে করে ছিনতাইকারীরা এসে তাঁদের গাড়ির পথরোধ করে গুলি ছোড়ে।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক অনিক সরকার বলেন, গুলিবিদ্ধ একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, গুলি করে টাকা ছিনতাইয়ের খবর পেয়ে ঘটনাস্থলে গেছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সম্পাদক :মোহাম্মদ মঞ্জুরুল কবির (মঞ্জু) ll প্রকাশক: জাহিন ফয়সাল (শুভ)
২০২৬ © নগদ বার্তা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত