প্রিন্ট এর তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬
মাদারগঞ্জে সদ্যজাত সন্তানসহ অসহায় বিলকিসের পাশে সমাজসেবা অফিসার চিকিৎসা সহায়তা ও আর্থিক সাহায্যে পাশে দাঁড়ালেন ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক
সাকিল আহামেদ , জেলা প্রতিনিধি ||
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার নলছিয়া গ্রামের অসহায় ও দরিদ্র পরিবারের প্রসূতি মা বিলকিসের পাশে দাঁড়িয়েছে উপজেলা সমাজসেবা কার্যালয় । ৩১ আগস্ট সোমবার দুপুরে চরম চিকিৎসা সংকট ও চরম অনটনে ভোগা প্রসূতি বিলকিসকে চিকিৎসা সহায়তা ও তাৎক্ষণিক সাহায্য প্রদান করেন উপজেলা সমাজসেবা আফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তৌফিকুল ইসলাম খালেক।স্থানীয় সূত্রে জানা যায়, নলছিয়া গ্রামের হতদরিদ্র পরিবারের গৃহবধূ বিলকিস সম্প্রতি এক সন্তানের জন্ম দেন। সন্তান প্রসবের পর থেকেই তীব্র শারীরিক জটিলতা ও আর্থিক অসচ্ছলতার কারণে সঠিক চিকিৎসা করাতে পারছিলেন না তিনি। নতুন অতিথিকে ঘিরে পরিবারে খুশির বার্তা আসার কথা থাকলেও পুষ্টি ও মায়ের চিকিৎসা খরচের দুশ্চিন্তায় দিন কাটছিল তাদের।অসহায় প্রসূতি মায়ের এই দুরবস্থার কথা জানতে পেরে এগিয়ে আসেন স্থানীয় মানবিক সংগঠন ‘মাদারগঞ্জ স্বেচ্ছাসেবী সংগঠন’-এর সভাপতি তৌহিদ হাসান। তিনি তাৎক্ষণিকভাবে উদ্যোগ নিয়ে দুপুরবেলা অসুস্থ বিলকিস ও তার সদ্যজাত সন্তানকে মাদারগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ে নিয়ে যান।বিষয়টি অবগত হওয়ার সাথে সাথেই মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসেন উপজেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তৌফিকুল ইসলাম খালেক। তিনি প্রসূতি মায়ের সার্বিক খোঁজখবর নেন এবং সুচিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় ওষুধপত্র ও চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।সামাজিক দায়িত্ববোধ থেকে এগিয়ে আসা এই কর্মকর্তা বলেন, "সমাজসেবা কার্যালয় সব সময় প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। সদ্য প্রসব করা এক মা ও তার সন্তানের এই শারীরিক ও আর্থিক সংকটের কথা শুনে আমরা সাধ্যমতো পাশে দাঁড়িয়েছি। পরবর্তীতে সরকারি সুযোগ-সুবিধার আওতায় এনে তাদের জন্য দীর্ঘমেয়াদী সহায়তার চেষ্টা করা হবে।"মাদারগঞ্জ স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি তৌহিদ হাসান কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "অসহায় বিলকিসের পরিবার চিকিৎসার খরচ জোগাতে সম্পূর্ণ ব্যর্থ হচ্ছিল। সমাজসেবা কার্যালয়ে নিয়ে আসার পর ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক ভাই যেভাবে তৎক্ষণাৎ হাত বাড়িয়ে দিয়েছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। সরকারি সংস্থাগুলোর এমন মানবিক আচরণ সাধারণ মানুষের আস্থা অনেক বাড়িয়ে দেয়।"উপজেলা সমাজসেবা দপ্তর ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বিত এই উদ্যোগে সময়মতো সঠিক চিকিৎসা পাওয়ায় আপাতত শঙ্কা কেটেছে সদ্যজাত শিশু ও তার মায়ের। প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন নলছিয়া গ্রামের সচেতন নাগরিক ও এলাকাবাসী।
সম্পাদক :মোহাম্মদ মঞ্জুরুল কবির (মঞ্জু) ll প্রকাশক: জাহিন ফয়সাল (শুভ)
২০২৬ © নগদ বার্তা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত