প্রিন্ট এর তারিখ : ০৪ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬
জামালপুরের মাদারগঞ্জে সাড়ে ৪ কিলোমিটার খাল খননের শুভ উদ্বোধন করলেন এমপি মোস্তাফিজুর রহমান বাবুল
মোঃ ইউসুফ আলী , স্টাফ রিপোর্টার ||
জামালপুরের মাদারগঞ্জে কৃষি উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ সাড়ে ৪ কিলোমিটার খাল খনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (০৪ মে) বেলা সাড়ে ১১টায় এ খাল খনন কাজের শুভ উদ্বোধন করেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য জনাব মোস্তাফিজুর রহমান বাবুল।২০২৫-২০২৬ অর্থবছরের আওতায় জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার কোয়ালিকান্দি হতে তেঘরিয়া পর্যন্ত এবং হিদাগাড়ী গুচ্ছগ্রাম হতে হিদাগাড়ী আন্নার বাড়ী পর্যন্ত মোট ৪.৫ কিলোমিটার খাল খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর আগে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল খাল খনন কাজের শুভ উদ্বোধনী ফলক উন্মোচন করেন।মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমন চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, “খাল খনন শুধু একটি উন্নয়ন কাজ নয়, এটি কৃষক বাঁচানোর উদ্যোগ, জনদুর্ভোগ লাঘবের উদ্যোগ এবং গ্রামীণ অর্থনীতিকে সচল রাখার একটি কার্যকর পদক্ষেপ।” তিনি বলেন, দীর্ঘদিন ধরে খালগুলোর নাব্যতা সংকট, জলাবদ্ধতা ও পানি নিষ্কাশনের সমস্যায় স্থানীয় কৃষকসহ সাধারণ মানুষ ভোগান্তিতে ছিলেন। এই খাল খনন কাজ বাস্তবায়িত হলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমবে, কৃষিজমিতে সেচ সুবিধা বাড়বে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে।তিনি আরও বলেন, “আমি মাদারগঞ্জের মানুষের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়েই উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে। কৃষি, যোগাযোগ, পানি ব্যবস্থাপনা ও জনস্বার্থ সংশ্লিষ্ট প্রতিটি খাতে উন্নয়ন অব্যাহত থাকবে।” তিনি স্থানীয় জনগণকে উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন আকন্দ, পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর ও সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল, মাদারগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) স্নেহাশিস রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজ উদ্দিন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শাহ মো. মজনু ফকির, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মুখলেস, ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া বিপ্লব তরফদার এবং সাধারণ সম্পাদক শফিউল আলম স্বপন প্রমুখ।এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।স্থানীয় কৃষকরা জানান, দীর্ঘদিন ধরে খালগুলো ভরাট হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা এবং শুষ্ক মৌসুমে সেচ সংকট দেখা দিত। এতে কৃষি উৎপাদন ব্যাহত হতো এবং জনদুর্ভোগ বাড়ত। খাল খনন কাজ সম্পন্ন হলে কৃষি ও জনজীবনে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের উদ্যোগে বাস্তবায়িত এ খাল খনন প্রকল্প মাদারগঞ্জের কৃষি, পরিবেশ ও জনজীবনে ইতিবাচক পরিবর্তন আনবে এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।
সম্পাদক :মোহাম্মদ মঞ্জুরুল কবির (মঞ্জু) ll প্রকাশক: জাহিন ফয়সাল (শুভ)
২০২৬ © নগদ বার্তা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত