প্রিন্ট এর তারিখ : ১১ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬
বাগেরহাটে মাজারের পুকুরে কুকুরকে কুমিরের আক্রমণ: ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক
||
বাগেরহাটে ঐতিহাসিক খান জাহান আলীর মাজার এলাকার একটি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মাজারসংলগ্ন পুকুরের ঘাটে একটি কুকুর পড়ে আছে। কিছুক্ষণ পর একটি কুমির ধীরে ধীরে এগিয়ে এসে কুকুরটিকে আক্রমণ করে এবং মুখে ধরে পানির নিচে নিয়ে যায়। এ সময় আশপাশে থাকা দর্শনার্থীরা পুরো ঘটনাটি দেখলেও কেউ কুকুরটিকে উদ্ধার করতে এগিয়ে আসেননি—যা নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।তবে স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটির পেছনে ভিন্ন বাস্তবতা রয়েছে। এলাকাবাসীর দাবি, কুকুরটি কয়েকদিন ধরেই অস্বাভাবিক আচরণ করছিল এবং মাজার এলাকায় ঘোরাফেরা করা মানুষদের ওপর আক্রমণ করছিল। এতে আতঙ্কিত হয়ে স্থানীয়রা কুকুরটিকে তাড়িয়ে দিলে সেটি দৌড়ে পুকুরঘাটে গিয়ে পড়ে।মাজারসংলগ্ন এলাকার বাসিন্দা রাসেল জানান, কেউ কুকুরটিকে ইচ্ছাকৃতভাবে কুমিরের খাবার হিসেবে দেয়নি। ঘটনাটি ছিল সম্পূর্ণ আকস্মিক—কুকুরটি ঘাটে পৌঁছানোর সময়ই কুমিরটিও সেখানে চলে আসে, এবং তখনই এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।একই ধরনের বক্তব্য দিয়েছেন মাজারের এক নারী খাদেম, বিনা। তিনি বলেন, “কুকুরটি কয়েকদিন ধরে এলাকায় মানুষকে আক্রমণ করছিল। তবে কেউ ইচ্ছা করে এটিকে কুমিরের সামনে দেয়নি। সামাজিক মাধ্যমে এ বিষয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে।”এ বিষয়ে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিয়া খাতুন জানান, ঘটনার সত্যতা যাচাই করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা সম্পর্কে বিস্তারিত জানানো হবে।
সম্পাদক :মোহাম্মদ মঞ্জুরুল কবির (মঞ্জু) ll প্রকাশক: জাহিন ফয়সাল (শুভ)
২০২৬ © নগদ বার্তা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত